শেষ লড়াইয়ে শেখ জামাল-পুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ভুটানের কিংস কাপের ফাইনালে পুনে এফসিকে সামনে পাচ্ছে শেখ জামাল ধানমন্ডি। দ্বিতীয় সেমিফাইনালে কাল কলকাতা মোহনবাগানকে সাডেন ডেথে হারিয়েছে পুনে (৬-৫)। ভারতীয় দুই দলের লড়াইয়ে ২৫ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। ৩৯ মিনিটে সেই গোল শোধ। নির্ধারিত সময় তো বটেই, অতিরিক্ত সময়েও আর গোল হয়নি। টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি।
ভুটানে ফোন করে জানা গেল, পুনে-মোহনবাগান ম্যাচ দেখতে গিয়েছিলেন শেখ জামালের কোচ-খেলোয়াড়েরা। ম্যাচ দেখে এক কর্মকর্তা বললেন, পুনেকে ভয়ের কিছু নেই। এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যেভাবে খেলে এসেছে শেখ জামাল, সেটা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার আশা করাই যায়।
পুনে এফসির কোচ এখন মরোক্কান করিম বেঞ্চারিফা, গত মৌসুমে যিনি ছিলেন মোহনবাগানের কোচ। ২০০৭ সালে প্রতিষ্ঠিত পুনে এফসি গত আই লিগে সপ্তম হয়েছে। এর আগের বছর রানার্সআপ। ভারতের সর্বোচ্চ ঘরোয়া লিগে এটাই তাদের সেরা সাফল্য। ১৬ গোল করে তাতে অবদান রাখেন জেমস মগা, ঢাকার মুক্তিযোদ্ধায় খেলে যাওয়া সুদানি স্ট্রাইকার। শেখ জামাল দুবার মোহনবাগানের সঙ্গে খেলে দুবারই জিতেছে, তবে পুনের সঙ্গে এটিই তাদের প্রথম দেখা।