শেষ ষোলোতে জার্মানির সঙ্গী পোল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে উচ্ছ্বাসে ছুটছেন মারিও গোমেজ। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্যারিসে তাঁর একমাত্র গোলেই জিতেছে জার্মানি, উঠে গেছে ইউরোর শেষ ষোলোতে। মার্শেইয়ে অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে জার্মানির সঙ্গী হয়েছে পোল্যান্ডও l রয়টার্স
গোল করে উচ্ছ্বাসে ছুটছেন মারিও গোমেজ। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্যারিসে তাঁর একমাত্র গোলেই জিতেছে জার্মানি, উঠে গেছে ইউরোর শেষ ষোলোতে। মার্শেইয়ে অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে জার্মানির সঙ্গী হয়েছে পোল্যান্ডও l রয়টার্স

জার্মান আক্রমণভাগ কি তবে গোল করতে ভুলে গেল? উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এই সমালোচনাটাই সবচেয়ে বেশি শুনতে হয়েছে জোয়াকিম লোর দলকে। প্যারিসে কাল গোমেজ-মুলার-ওজিলরা সেই সমালোচনার জবাব দিতে মুখিয়ে ছিলেন। কিছুটা পেরেছেন, অনেকটাই পারেননি। গোল পেয়েছে জার্মানি, তবে একটাই। ২৯ মিনিটে মারিও গোমেজের করা ওই গোলেই অবশ্য ম্যাচ জিতে নিয়েছে জার্মানি, উঠে গেছে ইউরোর শেষ ষোলোতে।
রাতের অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে জার্মানির সঙ্গী হয়েছে পোল্যান্ডও। গ্রুপে ৩ ম্যাচ শেষে জার্মানি ও পোল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৭। তবে শ্রেয়তর গোল ব্যবধানে জার্মানিই গ্রুপ চ্যাম্পিয়ন।
অথচ প্যারিসে কাল জার্মানি অনায়াসে পাঁচ-ছয় গোলে জিততে পারত। পারেনি, তার একটা কারণ তো জার্মান ফরোয়ার্ডদের হঠাৎ করে ‘ফিনিশিং’ ভুলে যাওয়া। অন্য কারণটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ড গোলরক্ষক মাইকেল ম্যাকগোভের্নের অসাধারণ কিপিং। স্কটিশ ক্লাব হ্যামিল্টন একাডেমিকালের এই গোলরক্ষক কাল সম্ভবত জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচটি খেলেছেন! গোমেজ, টমাস মুলার আর মারিও গোটশেদের সামনে ম্যাকগোভের্ন যদি দেয়াল হয়ে না দাঁড়াতেন, ম্যাচের প্রথমার্ধেই কয়েক গোলে এগিয়ে যেত জার্মানি।
জোয়াকিম লোর দল ম্যাচটা কতটা একতরফা বানিয়ে ফেলেছিল, সেটি বোঝা যাবে কয়েকটি পরিসংখ্যানেই। পুরো ম্যাচে ৭১ ভাগ বল দখল ছিল জার্মানির, ২৯ ভাগ উত্তর আয়ারল্যান্ডের। ছোট ও বড় মিলিয়ে প্রায় ২৬টি আক্রমণ করেছে জার্মানি, উত্তর আয়ারল্যান্ড মাত্র ২টি! জার্মানি প্রতিপক্ষের গোলেই শট নিয়েছে ১১ বার! অন্যদিকে গোলবারের নিচে প্রায় অলস দিন কেটেছে ম্যানুয়েল নয়্যারের। কিন্তু এত কিছু করেও জয় শুধু গোমেজের একমাত্র গোলে! নকআউট পর্বের জন্য কিছুটা দুশ্চিন্তা রয়েই গেল জার্মান কোচের।
মার্শেইয়ের অন্য ম্যাচটিতে অবশ্য দুই দলই লড়েছে সমানে সমানে। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে ইউক্রেনের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। গতকালের ম্যাচটা তাদের জন্য ছিল শুধুই সম্মানজনক কিছু পাওয়ার। পোল্যান্ড অবশ্য সেটি হতে দেয়নি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা জাকুব ব্লাজিকোভস্কির ৫৪ মিনিটের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে। এ হারের ফলে এবারের ইউরো থেকে কোনো পয়েন্ট না পেয়ে এবং কোনো গোল না করেই বিদায় নিল ইউক্রেন। সনি-ইএসপিএন।