শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমার বিপক্ষে কাল সিটির জয়ের নায়ক সামির নাসরি ছবি: রয়টার্স।
রোমার বিপক্ষে কাল সিটির জয়ের নায়ক সামির নাসরি ছবি: রয়টার্স।

রোমার বিপক্ষে খেলতে নামার আগে কোনো কিছুই ম্যানচেস্টার সিটির পক্ষে ছিল না। কঠিন সমীকরণের মারপ্যাঁচ, চোট, বহিষ্কারাদেশ—সব মিলিয়ে একটা হযবরল অবস্থায় নকআউট পর্বের টিকিট সংগ্রহের লড়াইয়ে নেমেছিল ম্যানুয়াল পেলেগ্রিনির দল। কিন্তু সব বাধা টপকে, কঠিন সমীকরণ মিলিয়ে রোম জয়টা করেই ফেলল সিটি। রোমাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলোর জায়গাটা পাকাপোক্ত করে ফেলল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

কাল চোটের কারণে সিটি পায়নি দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে। একই কারণে মাঠে ছিলেন না অধিনায়ক ভিনসেন্ট কম্পানি। বহিষ্কারাদেশ মাঠে নামতে দেয়নি ইয়া তোরেকে। তার পরও রোমার মাটিতে রোমার বিপক্ষে জয়ে যেন অসাধ্যই সাধন করেছে সিটি। তবে সমীকরণ মেলানোর ক্ষেত্রে বায়ার্ন মিউনিখের প্রতি কৃতজ্ঞতা সিটিকে প্রকাশ করতেই হচ্ছে। সিএসকে মস্কোকে ৩-০ গোলে হারিয়ে জার্মান জায়ান্টরা সিটির শেষ ষোলোর যাত্রাপথকে করে দেয় প্রশস্তই।
তিনজন গুরুত্বপূর্ণ তারকাকে নিয়ে মাঠে নামতে পারেনি সিটি। কিন্তু মাঠে তাদের গোলপোস্টের দায়িত্বে ছিলেন জো হার্ট। দারুণ ফর্মে থাকা এই ইংরেজ গোলরক্ষক কালও তাঁর দলের জয়ে রেখেছেন দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচের শুরুতেই নিশ্চিত একটি গোল হজমের হাত থেকে দলকে বাঁচিয়ে দেন হার্ট। হোসে হেলেবাসের নিশ্চিত শট ঠেকিয়ে দলের সামনে বার্তা দিয়ে দেন, ‘আজকের দিনটি আমাদেরই।’
গোল খাওয়ার হাত থেকে বেঁচে গিয়ে দারুণ উজ্জীবিতই হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শাণিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলে বেশ কয়েকটি সুযোগ। তবে সুযোগ তৈরি করলেও গোল দূরের ব্যাপারই মনে হচ্ছিল সিটির স্ট্রাইকারদের জন্য।
ম্যাচের ৬০ মিনিটে দলকে আনন্দে ভাসান ফরাসি তারকা সামির নাসরি। ক্লিশির পাস থেকে বল পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে রোমার জালে বল জড়িয়ে দেন তিনি।
পিছিয়ে পড়া রোমা দুর্ভাগ্যের শিকার হয় এর একটু পরেই। মনোলাসের একটি হেড সিটির পোস্টে লেগে ফেরত আসে। ৮৬ মিনিটে সিটিকে শেষ ষোলোর প্রান্তসীমায় পৌঁছে দেন পাবলো জাবালেতা। এই গোলে সামির নাসরির ভূমিকা ছিল অনন্য। আর্জেন্টাইন ডিফেন্ডারকে বলটি পৌঁছে দিয়েছিলেন ওই ফরাসিই। জাবালেতাকে কেবল বলটা জালেই ঠেলতে হয়েছে। খেলার শেষ বাঁশি বাজার আগেই বায়ার্ন মিউনিখের বড় জয়ের খবরটিও চলে আসে সিটির তাঁবুতে। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়েই নকআউট পর্বের টিকিটটি হাতে নেয় ম্যানচেস্টারের অপর সেরা দলটি। সূত্র: রয়টার্স।