শেষ সপ্তাহের জন্য নাটক জমিয়ে রাখল দুই মাদ্রিদ

সতীর্থদের উদযাপনে চাপা পড়ে গেছেন আতলেতিকোর গোলদাতা লুইস সুয়ারেজরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত নাটক! লা লিগায় সর্বশেষ কোন মৌসুমে এত নাটক হয়েছে, মনে করা আসলেই মুশকিল। সেই নাটকেরই একটা নতুন পর্ব যেন মঞ্চস্থ হলো আজ রাতে। আর তাতেও কত টুইস্ট! কিন্তু তারপরেও বোঝা গেল না শেষ পর্যন্ত লা লিগার এই মৌসুমের ট্রফি কোন দলের হাতে উঠতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ না কি আতলেতিকো মাদ্রিদ? ও হ্যাঁ, একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে আজ রাতে। এ লড়াইয়ে এখন আর বার্সেলোনা নেই।

ওসাসুনার সঙ্গে ড্র করতে বসা ম্যাচটা শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। জিতেছে মাদ্রিদের আরেক দল রিয়াল মাদ্রিদও। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে জিনেদিন জিদানের দলের একমাত্র গোলদাতা নাচো ফার্নান্দেজ। ওদিকে সেলতা ভিগোর কাছে বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। এতে লা লিগার শিরোপা লড়াই থেকেও ছিটকে গেছেন লিওনেল মেসিরা।

আপাতত ৩৭টি করে ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট ৮৩, রিয়ালের ৮১ ও বার্সার ৭৬। লা লিগার শিরোপা মাদ্রিদের দুই ক্লাবের কোনটি নেবে, সেই মীমাংসা হবে লিগের শেষ সপ্তাহে।

এমনিতেই শিরোপার লড়াইয়ে টানটান উত্তেজনা। আর মাত্র দুই রাউন্ড বাকি ছিল বলে এই সপ্তাহে সব ম্যাচ হচ্ছে একই সময়ে। হবে শেষ সপ্তাহেও। তো আজকের ম্যাচগুলোতেও কত নাটক!

গোল করেও হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন মেসি
এএফপি

সবার আগে গোলটা বার্সেলোনাই করল। কিন্তু ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা সেই ছন্দটা আর ধরে রাখতে পারেনি। ৩৮ মিনিটে সেলতা ভিগোর হয়ে সান্তি মিনা সমতা ফিরিয়েছেন। ৮৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটা করে মিনাই লড়াই থেকে ছিটকে দিয়েছেন বার্সেলোনাকে।

অবশ্য আতলেতিকো মাদ্রিদের জয় বার্সেলোনাকে এমনিতেই লড়াই থেকে ছিটকে দিত। কিন্তু ডিয়েগো সিমিওনের দলের সেই জয়টাও যে নিশ্চিত হয়েছে ম্যাচের ৮৮ মিনিটেই এসে। ৭৫ মিনিটে আন্তে বুদিমিরের গোলে পিছিয়ে পড়ার পর আতলেতিকোর হয়ে ৮২ মিনিটে সমতা ফেরান রেহান লোদি। তারপর লুইস সুয়ারেজের ওই গোল, আতলেতিকোর বুনো উদ্‌যাপন!

নাচোর গোলের পর রিয়াল মাদ্রিদের উল্লাস
এএফপি

রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল ম্যাচের ৬৮ মিনিটে নাচোর গোলে। সেই গোলটাই আর বিলবাওকে শোধ করতে দেননি জিদানের শিষ্যরা। অবশ্য শিরোপার জন্য এখনো রিয়ালকে নগর প্রতিদ্বন্দ্বীদের দিকেই তাকিয়ে থাকতে হবে। মৌসুমের শেষ ম্যাচে রিয়ালকে জিততে হবে এবং আতলেতিকোকে হারতে বা ড্র করতে হবে। মুখোমুখি লড়াইয়ে আতলেতিকোর বিপক্ষে কিন্তু এগিয়ে রিয়ালই।