শেষ সম্মানটাও পেলেন না আইনুল
শামসুল ইসলামের পর আইনুল হক। মাত্র দুই দিনের ব্যবধানেই সোনালি অতীতের দুই ফুটবলার চিরবিদায় নিলেন। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত আইনুল পরশু চলে গেলেন একরকম অবহেলায়।
আইনুলের ৬৯ বছরের জীবনে তাঁর সবচেয় বড় অহংকার ছিল স্বাধীন বাংলা ফুটবল দলে খেলা। কয়েকটি ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কও ছিলেন। সেই তিনি জীবনের শেষ যাত্রায় প্রাপ্য সম্মানটা পাননি। জিগাতলার গাবতলা মসজিদে জানাজা শেষে রায়েরবাজার নতুন কবরস্থানে তাঁকে দাফন করা হয় গতকাল। দাফন শেষে জাকারিয়া পিন্টু ক্ষোভের সঙ্গে বলেন, ‘নিবন্ধিত মুক্তিযোদ্ধা হিসেবে আইনুল গার্ড অব অনার পেল না। থানায় গেলে বলা হলো, আপনারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে যান, জেলা প্রশাসকের অনুমতি আনেন। স্বাধীন বাংলা ফুটবল দল কী, তারা সেটাই জানে না। এরপর তো মনে হয় আমিও এই সম্মান পাব না।’
এমনিতে মুক্তিযোদ্ধাদের শেষযাত্রায় রাষ্ট্রীয় সম্মান দেয় সরকার। তবে স্বাধীন বাংলা দলের সদস্যদের সরকার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে কি না, এ নিয়ে নানাজন নানা কথা বলেন। সংগঠক হারুনুর রশিদ বলেন, ‘অবশ্যই মুক্তিযোদ্ধা হিসেবে আইনুলের গার্ড অব অনার পাওয়ার কথা। কেন পায়নি বুঝতে পারলাম না। আমি তো থানায় জানাতে বলেছিলাম।’
ঢাকার মাঠে ডিফেন্ডার আইনুলের প্রথম দল ছিল পুলিশ (’৬৩-’৬৬)। সাতাত্তরে পিডব্লুডিতে ক্যারিয়ারে ইতি টানার আগে ’৬৮-’৭৬ পর্যন্ত টানা ছিলেন মোহামেডানে। ’৭৫ সালে জাকারিয়া পিন্টুর অনুপস্থিতিতে মোহামেডানের কিছু ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কও ছিলেন।
মুক্তিযুদ্ধের শুরুতেই আগরতলায় গিয়ে টিকে থাকতে চাকরি নেন আগরতলা পুলিশে। আইনুল হয়ে যান আশীষ। এই ফুটবলার একটা শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন অনেক দিন। মোহামেডানে খেলে বছরে পাওয়া ছয়-সাত হাজার টাকার একটা অংশ তুলে দেন বড় ভাই জালালউদ্দিনের হাতে। তিনি জিগাতলায় দেড়-দুই কাঠার একটা জায়গা কেনেন। ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরে ১২ লাখ টাকা ঋণ পেয়ে বাড়ি যাকে বলে সেটি বানাতে পারেননি, বানিয়েছেন একটি থাকার জায়গা।
মোহামেডানে একটা সময় তাঁর রুমমেট ওয়াজেদ গাজী সতীর্থের মৃত্যুর খবরে বেদনাহত, ‘খুব ভালো মানুষ ছিল আইনুল। সাদাসিধে, প্যাঁচ বুঝত না। ওকে কখনোই ভুলব না।’ আইনুল জাতীয় ক্রীড়া পুরস্কার পাননি। মৃত্যুর পর বাফুফে, মোহামেডান একটা শোকবার্তা দিয়েই দায়িত্ব শেষ করেছে।