
শেষ সময়ের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ফুটবলের যেন নিয়তিই হয়ে দাঁড়িয়েছে। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে জয় উদ্যাপনের প্রস্তুতি নেওয়ার সময় আরেকবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো বাংলাদেশ দলকে।
যোগ হওয়া চার মিনিট সময়ের শেষ মিনিটে আফগান মিডফিল্ডার ইসমত শেনোয়ারির গোলে জয়বঞ্চিত মামুনুলরা। সন্তুষ্ট থাকতে হলো ড্র নিয়েই। অথচ ম্যাচের ৪ মিনিটে এমিলির দেওয়া গোলে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগেও এগিয়ে ছিল বাংলাদেশ। এ যেন মাস চারেক আগের এক ফ্ল্যাশব্যাক। গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে যোগ হওয়া সময়ে মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের ফাইজাতের গোলে ৩-২-এ হারে বাংলাদেশ।
শেষ সময়ে গোল খাওয়ার ‘ভূত’ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশকে। নেপালে দুই বছর আগে সর্বশেষ সাফ ফুটবলের গ্রুপ পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশ ড্র করে ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে। সুনীল ছেত্রী সেবার হতাশায় ডোবান যোগ হওয়া সময়ে গোল করে। পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচটি তো হেরেই বসে বাংলাদেশ। যোগ হওয়া সময়ে কলিমউল্লাহ করেছিলেন হৃদয়ভাঙা গোলটি।
আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর পরশু রাতটা নিদ্রাহীন কেটেছে রাসেল মাহমুদ লিটনের। এখনো যেন ঘোরের মধ্যে আছেন এই গোলরক্ষক, ‘গোল যে সময়ে হয়েছে, ওই সময়টা আমাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কীভাবে যে গোলটা খেলাম নিজেও বুঝতে পারছি না। মানুষ বেঁচে থাকার জন্য শেষ মুহূর্তে যেভাবে আপ্রাণ চেষ্টা করে আমরা এখন সেটাও করতে পারছি না।’
তাঁর মতে, রক্ষণভাগের দুর্বলতায় গোলটি হয়েছে, ‘শেষ পর্যন্ত বলটা ক্লিয়ার হলো কি না তা ডিফেন্ডারদের কেউই খেয়াল করেনি।’ গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার অবশ্য কালই গোলরক্ষকদের ডেকে নিয়ে ওই ম্যাচের গোলের ভিডিও বিশ্লেষণ করেছেন।
আফগানিস্তানের সঙ্গে ড্রয়ে মনঃসংযোগের অভাবকেই দায়ী করছেন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী, ‘অনেকেই মনে করেছিল ম্যাচ জিতে গেছি। আমাদের মনোযোগের অভাব ছিল তখন। আসলে শরীর দুর্বল হতে থাকলে মানসিকভাবেও আমরা দুর্বল হতে শুরু করি।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১১ জুন কিরগিজস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস মনে করেন এই ম্যাচের ভুলগুলো ভবিষ্যতের জন্য শিক্ষা হবে, ‘দুর্ভাগ্য, জিততে পারলাম না। খেলা যে ৯০ মিনিটের পরও বাড়তি সময়ে হয় তা অনেকেই হয়তো ভুলে গিয়েছিল। এ থেকে শিক্ষা হলো আমাদের। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে এগুলো কাজে লাগবে।’
হেমন্তের মতো ভাগ্যকে দোষ দিতে নারাজ অধিনায়ক মামুনুল ইসলাম, ‘এটা দুর্ভাগ্য বা অন্য কিছু না। আমাদের এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।’
ম্যাচের শেষে পরশু হতাশ কোচ লোডভিক ডি ক্রুইফ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বসে ছিলেন ডাগ-আউটে। সংবাদ সম্মেলনে ছিলেন ক্ষুব্ধ। প্রশ্ন তুললেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে, ‘এই দলের মাত্র ১১ জনের আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো ফিটনেস আছে।’ হতাশ কোচের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, ‘দুই বছর ধরে একই জিনিস বারবার বলছি। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ছেলেদের আর কী বলব সে ভাষা আমার জানা নেই।’
বিশ্বকাপ বাছাইয়ের আগের দুটি প্রীতি ম্যাচের একটিতে হার, অন্যটি ড্র। খেলোয়াড়দের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন কোচ, ‘এই দুটি ম্যাচের ইতিবাচক দিকের সঙ্গে নেতিবাচক দিকও আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। কারণ একই মানের খেলোয়াড়ের অভাব রয়েছে দলে।’