শেষ সময়ের গোলে পার ফ্রান্স
কোনো কারণে টিভি ছাড়তে দেরি হয়ে গেছে? অসুবিধা নেই, শেষ ৫ মিনিট দেখে নিলেই ফ্রান্সের ম্যাচের ফল পেয়ে যাবেন। অন্তত প্রথম দুটি ম্যাচের পর কথাটা বোধ হয় বলাই যায়। প্রথম ম্যাচের পর যে কালও শেষ সময়ের গোলে হাঁপ ছেড়ে বেঁচেছে ফ্রান্স। আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রেখেছে স্বাগতিক দল।
শেষ সময়ে গোলটা ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমের জন্য একই সঙ্গে স্বস্তি ও উদ্বেগের। প্রথমার্ধে যেমন ফ্রান্স একেবারেই ম্রিয়মাণ, শেষ দিকে এসে তারাই হয়ে ওঠে দুর্ধর্ষ। দেশমের কাছে আপাতত স্বস্তিটাই বেশি, ‘এই জয় দেখাচ্ছে খেলোয়াড়েরা জয়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে।’ স্ট্রাইকার অলিভিয়ের জিরুর কণ্ঠেও কোচের প্রতিধ্বনি, ‘এ রকম হার না-মানা মানসিকতা একটা দলের জন্য আসলেই বড় একটা ব্যাপার।’ তবে স্নায়ুর ওপর এমন চাপ কি প্রতিদিন নেওয়া যায়? দেশমের মুখে মৃদু হাসি, ‘আরেকটু আগে গোল করতে পারলে আসলে ভালোই হয়।’
কিন্তু শেষ মুহূর্তেই ফ্রান্সের এমন দুর্বার হয়ে ওঠার রহস্যটা কী? জিরুর মতে, ‘আমরা সবাই দেশের মাটিতে নিজেদের উজাড় করে দিতে চাই। এই বাড়তি ইচ্ছাটাই হয়তো আমাদের জন্য ব্যবধান গড়ে দিচ্ছে। এখন আমরা সবার ওপরে থেকেই গ্রুপ পর্ব শেষ করতে চাই।’
দেশম অবশ্য পরশু ম্যাচ শুরুর আগেই সবাইকে চমকে দিয়েছিলেন। দলের দুই তুরুপের তাস পল পগবা ও আতোঁয়ান গ্রিজমানকে প্রথম একাদশেই রাখেননি। পরে দুজনকেই নামিয়েছেন। প্রথম গোল করে গ্রিজমান একটা ‘জবাবও’ দিয়েছেন কোচকে।
আর একেবারে শেষ সময়ে আরেকটি দারুণ গোল করে জয় নিশ্চিত করেছেন দিমিত্রি পায়েত। প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছেন, পায়েত নিশ্চয়ই পরের ম্যাচে ‘হ্যাটট্রিক’ করতে চাইবেন! এএফপি।