শেষ হলো দীর্ঘ লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১২ ডিসেম্বর শুরু হয়েছিল প্রিমিয়ার ফুটবল লিগ। সাড়ে সাত মাস পর শেষ হলো গতকাল। এবারই প্রথম খেলা হয়েছে তিন পর্বে। প্রতি দল খেলেছে ২৭টি করে ম্যাচ। যা পেশাদার লিগে দলগুলোর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।
এবার দলগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে অনড় ছিল বাফুফে। যে কারণে বিশ্বকাপের সময়ও খেলা হয়েছে। যদিও দলগুলো একটু আপত্তি তুলেছিল খেলার সময়টা লম্বা হয়ে যাচ্ছে যুক্তি দেখিয়ে। সেটা আমলে নেয়নি বাফুফে।
শেষ দিনে মুক্তিযোদ্ধা ৮-০ গোলে হারাল অবনমিত উত্তর বারিধারাকে। এবারের লিগের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড এটি। অবশ্য এই লিগেই শেখ জামালের কাছে একই ব্যবধানে হেরেছিল বারিধারা। এই জয়ে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে উত্তর বারিধারা।
মুক্তিযোদ্ধার জন্য এই সাফল্য আশাতীত। তারুণ্য আর অভিজ্ঞদের নিয়ে গড়া একটি দল নিয়ে তৃতীয় হয়ে খুব খুশি কোচ শফিকুল ইসলাম, ‘লিগ শেষে তৃতীয় হয়ে ভালোই লাগছে। এই সাফল্যটা আমাদের খেলোয়াড়-কর্মকর্তা সবার। লিগের মাঝে বেশ কয়েকবার আমরা অভিভাবকহীন হয়ে পড়েছিলাম, কিন্তু কখনো উৎসাহ হারাইনি।’
রানার্সআপ হওয়ার স্বপ্নটাও একসময় উঁকি দিয়েছিল কোচের মনে। কিন্তু গোপালগঞ্জে শেষ পর্বে আবাহনীর বিপক্ষে হেরেই সেই স্বপ্ন ধূসর হয়ে পড়ে। কোচের কথা, ‘ওই ম্যাচে রেফারি আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছিল। নির্ধারিত সময়ের খেলা শেষেও রেফারি বেশি সময় খেলিয়েছে। বিভিন্ন ম্যাচেই আমরা এমন বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছি। এই ভিডিওগুলো বাফুফেতে জমা দেব।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ ম্যাচে গোল-উৎসবের শুরুটা করেন সানডে। ৩৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন এই নাইজেরিয়ান। ইকবালের ২ গোল। গোলদাতার তালিকায় নাম তুলেছেন ইব্রাহিম, চ্যৗম্রিন ও বেনজামিন।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল প./বি. পয়েন্ট
শেখ জামাল ২৭ ১৯ ৭ ১ ৭৮/২৬ ৬৪
আবাহনী ২৭ ১৪ ১০ ৩ ৩৬/১৬ ৫২
মুক্তিযোদ্ধা ২৭ ১৪ ৭ ৬ ৫৪/২৬ ৪৯
মোহামেডান ২৭ ১২ ৯ ৬ ৩৬/২৫ ৪৫
ব্রাদার্স ২৭ ১০ ৮ ৯ ৩৫/৩৩ ৩৮
শেখ রাসেল ২৭ ৮ ৮ ১১ ৩৮/৩৫ ৩২
বিজেএমসি ২৭ ৮ ৬ ১৩ ৩৯/৪৯ ৩০
চট্ট. আবাহনী ২৭ ৬ ৭ ১৪ ১৮/৩৯ ২৫
ফেনী সকার ২৭ ২ ১২ ১৩ ৩০/৪৮ ১৮
উত্তর বারিধারা ২৭ ২ ৬ ১৯ ১৮/৮৫ ১২
সর্বোচ্চ গোলদাতা
ওয়েডসন (শেখ জামাল) ২৬
ডার্লিংটন (শেখ জামাল) ২১
এনকোচা (মুক্তিযোদ্ধা) ১৭
সানডে (মুক্তিযোদ্ধা) ১৫
ওয়াহেদ (মোহামেডান) ১৫
মিঠুন (শেখ রাসেল) ১৪
 হ্যাটট্রিক ১৬টি। দেশি খেলোয়াড়দের মধ্যে হ্যাটট্রিক আছে শুধু মিঠুন ও শাখাওয়াত রনির। দুটি করে ওয়েডসন, মিঠুন, এনকোচা ও সানডের।