শেষ হয়নি অ্যাটলেটিকো-রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর দেওয়া গোলেই রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ট্রফিটা তো মারিও মানজুকিচের হাতেই সবচেয়ে ভালো মানায়! l এএফপি
তাঁর দেওয়া গোলেই রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ট্রফিটা তো মারিও মানজুকিচের হাতেই সবচেয়ে ভালো মানায়! l এএফপি

না, আক্ষেপ নয় বরং বেশ আত্মবিশ্বাস নিয়েই কয়েক দিন আগে কথাটা বলেছিলেন ডিয়েগো সিমিওনে, ‘রিয়াল মাদ্রিদের অনেক টাকা। ওরা চাইলেই যে কাউকে কিনতে পারে। আমরা পারি না। তবে ওরা যে দামে হামেস রদ্রিগেজকে কিনেছে, আমরা সে দামে আটজন খেলোয়াড় কিনেছি।’

এটা শুধু রদ্রিগেজের সঙ্গে তুলনা করে বলা। এর সঙ্গে টনি ক্রুস আর কেইলর নাভাসকে কেনার টাকাটা যোগ করুন। অঙ্কটা অনেক বেড়ে যাবে। খরচের প্রতিযোগিতায় তখন রিয়ালের বেশ পেছনেই থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

কিন্তু এত খরচ করেও তো রিয়াল মাদ্রিদ পারল না! পরশু রাতে ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকোর একমাত্র গোলটাই শোধ করতে পারল না রোনালদো-বেল-বেনজেমা-রদ্রিগেজকে নিয়ে গড়া বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ! ম্যাচের মাত্র ৯০ সেকেন্ডে গোলটা করেছিলেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ, বল বানিয়ে দিয়েছেন ফরাসি উইঙ্গার আতোঁয়ার গ্রিজমান। এই মৌসুমে অ্যাটলেটিকোতে যোগ দেওয়া দুই নতুন খেলোয়াড়। সিমিওনের সেই আটজনের দুজন! নিজের সাইনিং নিয়ে গর্বিত হতেই অ্যাটলেটিকো কোচ।

বার্নাব্যুর প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় ফিরতি লেগে ১-০ গোলের এই জয় অ্যাটলেটিকোকে এনে দিয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। সঙ্গে ১৫ বছর পর নিজেদের মাঠে রিয়ালকে হারানোর আনন্দ। কারও কারও কাছে যা গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের প্রতিশোধও! গত মৌসুমে শুরু অ্যাটলেটিকো-রূপকথা যে খুব শিগগির শেষ হচ্ছে না, থাকল সেই আভাসও।

অথচ এই অ্যাটলেটিকোই এবার বিক্রি করে দিয়েছে গত মৌসুমে তাদের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক ডিয়েগো কস্তাকে, ক্লাব ছেড়েছেন ডেভিড ভিয়া আর ফিলিপে লুইসও। কিন্তু সিমিওনের দল যোগ্য বিকল্প পাওয়াটাকেও যেন এখন তাদের রূপকথার অংশ বানিয়ে ফেলেছে! ডিয়েগো ফোরলানের বদলে সার্জিও আগুয়েরো, আগুয়েরোর বদলে রাদামেল ফ্যালকাও, ফ্যালকাওয়ের বদলে কস্তা। এই ধারাবাহিকতা বলছে, এই মৌসুমে কস্তাকে ভুলিয়ে দেবেন মানজুকিচও। 

খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনার পাশাপাশি সিমিওনের বড় গুণ, তাঁর দল নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে না দেওয়া। সুপার কাপে রিয়ালের বিপক্ষে এই দারুণ জয়ের পরও সেই দর্শনের দেখা মিলল, ‘লিগ একটা লম্বা দৌড়। সেখানে রিয়াল বা বার্সেলোনার বিপক্ষে লড়াটা খুব কঠিন। কিন্তু এগুলো এক-দুই ম্যাচের টুর্নামেন্ট। এখানে ওদের হারানোর সামর্থ্য আছে আমাদের।’ নিজের সাফল্য নিয়ে বরাবরই বিনয়ী অ্যাটলেটিকো কোচের জন্য পরশুর ম্যাচটা অবশ্য নির্ভেজাল আনন্দের অনুভূতি হয়ে থাকেনি। অ্যাটলেটিকোর আহত একজন খেলোয়াড়কে শুশ্রূষা শেষে মাঠে ফেরত পাঠাতে কিছুটা সময় নিচ্ছিলেন সহকারী রেফারি। এ নিয়ে সহকারী রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছেন সিমিওনে। ম্যাচ শেষে নিজের আচরণের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন তিনি।

তারায় তারায় খচিত দল গড়ার পর এই মৌসুমে সম্ভাব্য ছয়টি শিরোপাই জেতার লক্ষ্য ঠিক করেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মৌসুমের শুরুতেই সেই ছয়টি শিরোপার একটি নিয়ে গেল অ্যাটলেটিকো। তবে তার পরও আনচেলত্তি খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টই থাকছেন, ‘গত মৌসুমের শেষ থেকে এই মৌসুমের শুরু পর্যন্ত রিয়াল তিনটা কাপ জিতেছে। হ্যাঁ, এ ম্যাচটায় আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু যদি হারতেই হয়, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারার চেয়ে এই ম্যাচে হারাই ভালো।’

জেতার চেষ্টা অবশ্য কম করেননি আনচেলত্তি। চোটের কারণে রোনালদো ছিলেন না প্রথম একাদশে। কিন্তু দ্বিতীয়ার্ধে তাঁকেও নামিয়েছেন টনি ক্রুসের বদলি হিসেবে। কিন্তু ব্যবধান ঘোচাতে পারেননি ফিফা বর্ষসেরা ফুটবলারও। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ অ্যাঙ্গেল ডি মারিয়া মাঠে থাকলে কি ভিন্ন কিছু হতো? তারায় ঠাসাঠাসি দলে জায়গা অনিশ্চিত হয়ে যাওয়ায় ডি মারিয়া ক্লাব ছাড়ার আবেদন করেছেন—এটা দুদিন আগেই জানিয়েছেন রিয়াল কোচ। তবে ঠিক এ কারণে নয়, কৌশলগত কারণেই তাঁকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘আজ আমার তাকে দরকার ছিল না।’ এএফপি, রয়টার্স।

১৫ বছর পর!

পরশুর জয়টা শুধু স্প্যানিশ সুপার কাপের ট্রফিই এনে দেয়নি অ্যাটলেটিকোকে, ফিরিয়ে দিয়েছে প্রায় ভুলতে বসা একটা স্মৃতিও। ভিসেন্তে ক্যালদেরনে রিয়াল মাদ্রিদকে হারানোর স্মৃতি! হ্যাঁ, পরশুর আগে নিজেদের মাঠে দেড় দশক রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো! এই মাঠে রিয়ালের বিপক্ষে তাদের সর্বশেষ জয়টা ১৯৯৮-৯৯ মৌসুমে লা লিগায়, ৩-১ গোলে। 

গত মৌসুমেও লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাটলেটিকো। এর আগের মৌসুমে জিতেছে কোপা ডেল রেতে। কিন্তু এসবই রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সব মিলিয়ে গত ১৫ বছরে তিনবার রিয়ালের মাঠে রিয়ালকে হারানোর মধুর অভিজ্ঞতা। পরশুর জয়ে দেড় দশক পরে সেই মধুর অভিজ্ঞতা হলো ক্যালদেরনে, নিজেদের সমর্থকদের সামনে।