শেষ হয়ে গেল লেস্টার-রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শেষ হলেও তোমাদের স্বপ্নযাত্রাটা দুর্দান্তই ছিল’—ম্যাচের পর জেমি ভার্ডিকে হয়তো এটিই বলছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে! ইংলিশ প্রিমিয়ার লিগে রূপকথা লেখা চ্যাম্পিয়নস লিগে লেস্টারের প্রথম যাত্রা শেষ হলো শেষ আটে, অ্যাটলেটিকোর হাতে। পরশু লেস্টারের মাঠে l রয়টার্স

গত মৌসুমে লেস্টারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ছিল রীতিমতো রূপকথা। চ্যাম্পিয়নস লিগে যেন সেই রূপকথারই একটা নতুন অধ্যায় চলছিল। সেই অধ্যায়টাও শেষ হলো পরশু। শেষ করে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হার থামিয়ে দিল চ্যাম্পিয়নস লিগে লেস্টারের পথচলা। সর্বশেষ চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনালে উঠে গেল ডিয়েগো সিমিওনের দল। ভিসেন্তে ক্যালদেরনে প্রথম লেগে আঁতোয়ান গ্রিজমানের পেনাল্টি গোলে জিতেছিল অ্যাটলেটিকো।
ম্যাচের ৬১ মিনিটে জেমি ভার্ডির গোল আশা জাগিয়েছিল লেস্টারের। প্রথমার্ধে সল নিগেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ভার্ডি গোলটা শোধ করে লেস্টারকে ম্যাচে ফেরান। কিন্তু এরপর অনেক চেষ্টাতেও আর অ্যাটলেটিকোর রক্ষণে ফাটল ধরাতে পারেনি লেস্টার।
শেষ পর্যন্ত লড়েও রূপকথার গল্পটাকে আরও মধুর করতে না পারার আফসোস তাই ভার্ডির কণ্ঠে, ‘আমরা সব দিয়ে লড়াই করেছি। কিন্তু অ্যাটলেটিকো নিজেদের রক্ষণে যেন বড় বড় দেয়াল তুলে রেখেছিল। আমরা সেগুলো ভেদ করতে পারিনি।’
ওদিকে আবারও সেমিফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার লক্ষ্য ছিল অ্যাটলেটিকোকে যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নিয়ে যাওয়া। এখন আমরা সেটা করতে পারছি।’ এএফপি, গোল ডটকম।