শেষ ৫ মিনিটের জাদু রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ জয়ের পরেও দলের প্রতি সতর্কবার্তা রোনালদোর। ছবি:রয়টার্স
দারুণ জয়ের পরেও দলের প্রতি সতর্কবার্তা রোনালদোর। ছবি:রয়টার্স

ম্যাচে শেষে হতভম্ব স্পোর্টিং লিসবনের খেলোয়াড়-সমর্থকেরা। ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পরও ২-১ গোলের হার! প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ছিল বলেই হয়তো! একেবারে শেষ মুহূর্তে দুটি নাটকীয় গোলে চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ১১ বারের চ্যাম্পিয়নরা। এমন দুর্দান্ত শুরুর পরও ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, লিসবনের বিপক্ষে ম্যাচটি শিরোপা ধরে রাখার ব্যাপারে রিয়ালের জন্য বড় এক সতর্কবার্তাই। 

রোনালদোকে ‘ঘরের শত্রু’ই মনে করছে লিসবনের সমর্থকেরা। ম্যাচের ৮৯ মিনিটের সময় এই ‘ঘরের শত্রু’ রোনালদোর ফ্রি কিকের গোলেই স্বপ্নভঙ্গের শুরু লিসবনের। যোগ করা সময়ে (৯৩ মিনিটে) আলভারো মোরাতার গোলে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। লিসবনের পক্ষে গোলটি করেন ব্রুনো সিজার, ৪৭ মিনিটে।
সেটাই কিছুতে শোধ করতে পারছিল না স্বাগতিক রিয়াল। নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট বাকি। সেই সময়ই কী নাটকীয়ভাবেই না ম্যাচের রং বদলে গেল! শুরুটা করলেন রোনালদোই। স্পোর্টিংয়ে নিজের শৈশবের ছয়টি বছর কাটিয়েছেন বলে হয়তো অমন নাটকীয় সমতা ফেরানো গোলেও তেমন উদ্‌যাপন করলেন না। কৃতজ্ঞতাই জানালেন নীরব থেকে। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে হামেস রদ্রিগেজের ক্রস থেকে মোরাতার গোল এক পয়েন্টও নিতে দিল না স্পোর্টিংকে।
ম্যাচে খাদের কিনারা থেকে ফেরাটা রিয়ালের জন্য নতুন কিছু নয়। লিসবনের বিপক্ষে শেষ পাঁচ মিনিটে ম্যাচের ছবি পাল্টে দেওয়ার কিছুটা কৃতিত্ব রোনালদো ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকেও দিতে চান, ‘রিয়াল মাদ্রিদ এমনই। খাদের কিনারা থেকে দলের এই ফেরাটা সান্তিয়াগো বার্নাব্যুর মাহাত্ম্যের অংশ। তবে এমন জয়টাও ভবিষ্যতের জন্য সতর্কবার্তাই হয়ে থাকছে।’
রোনালদোর মতে, ভবিষ্যতের কোনো খেলাতে ‘নরম’ হলেই প্রতিপক্ষ তাদের পেয়ে বসবে, ‘আমরা যদি নরম হয়ে খেলি, তাহলে প্রতিপক্ষ আমাদের গুঁড়িয়ে দেবে। আমি মনে করি, স্পোর্টিং লিসবন আমাদের বিপক্ষে যে খেলাটা খেলেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।’
নিজের তরুণবেলার ক্লাব লিসবনের বিপক্ষে রিয়ালের জার্সি গায়ে এই প্রথম গোল পেলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ৯৪টি গোল হয়ে গেল রোনালদোর, প্রথম খেলোয়াড় হিসেবে এগিয়ে যাচ্ছেন শততম গোলের দিকে। বাছাইপর্বের​ একটি গোল ধরলে মোট গোল ৯৫।
এর আগে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ২০০৭ সালে লিসবনের বিপক্ষে দুটো গোল পেয়েছিলেন। এই একটা ক্লাবের বিপক্ষে গোল করাটা হয়তো উপভোগ করেন না। রোনালদো সেটিই বললেন, ‘আমি মোটেও উদ্‌যাপন করিনি। আমি সেটা করতে পারি না। লিসবন সেই ক্লাব যেখানে আমি গড়ে উঠেছি। এটি সেই ক্লাব, যাদের জন্যই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমি এই ক্লাবটিকে আজীবন সম্মান জানিয়ে যাব। আমাকে তা করতেই হবে।’ সূত্র: রয়টার্স।