শেষই হয়ে গেল ফুটবলের ক্রুইফ-অধ্যায়

জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ কাল আসবেন। কিন্তু তাঁকে যে আর জাতীয় দলের কোচ রাখা হচ্ছে না, সেটা চূড়ান্ত হয়ে গেছে আজই। ঢাকায় এলেই তাঁকে জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্তের কথা। সহকারী কোচ রেনে কোস্টার অবশ্য নিজেই বাংলাদেশের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে রেখেছেন আগেই।
এশিয়ান গেমসের পরপরই এই দুই ডাচ কোচ ছুটিতে দেশে ফিরে যান। তাঁদের এরই মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও চার মাসের বেতন হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে তাঁরা যোগ দেননি এতে। ব্যাপারটা বাফুফে সভাপতিকে এতটাই ক্ষুব্ধ করেছে যে, শেষ পর্যন্ত তিনি তাঁদের বিদায় করে দেওয়ার পথেই হাঁটলেন।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ও ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে যশোর ও রাজশাহীতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে না ডি ক্রুইফকে। কাল ঢাকায় এলে তাঁকে তিরস্কার করেই সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হবে।
গত বছরের মার্চে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন দুই ডাচ কোচ ডি ক্রুইফ ও রেনে কোস্টার। তাঁদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এএফসি চ্যালেঞ্জ কাপ। দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই তাঁরা নিয়মিত বেতন না পাওয়ার বিষয়ে অভিযোগ করে আসছিলেন। বাফুফে অবশ্য বলেছে, কাজ না থাকার কারণেই তাঁদের বেতন অনিয়মিতভাবে দেওয়া হয়েছে। কিন্তু কোচরা কেন কর্মহীন বসে থাকলেন, সে ব্যাপারে কোনো সদুত্তর বাফুফের কাছ থেকে পাওয়া যায়নি।