শেষমেশ মেসিও গোলখরায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি ম্যাচে নৈপুণ্য দেখিয়েও গোল পাচ্ছেন না মেসি। ছবি: রয়টার্স
প্রতি ম্যাচে নৈপুণ্য দেখিয়েও গোল পাচ্ছেন না মেসি। ছবি: রয়টার্স

বল গোললাইন অতিক্রম করলেও গোলবঞ্চিত হয়েছেন লিওনেল মেসি। একরকম ম্যাচ জিতেও ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বার্সেলোনাকে। এমন হতাশার ম্যাচেই বেমানান এক রেকর্ড করলেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ম্যাচ গোলহীন রইলেন বার্সা ফরোয়ার্ড।

২০১০ সালের পর মাঠে এমন বাজে সময় আর কাটাননি তিনি। অবশ্য বাজে বলাটাও ঠিক যুক্তিসংগত হলো না। গোল না পেলেও মাঠে দারুণ খেলছেন মেসি। সতীর্থদের দিয়ে ঠিকই খেলিয়ে নিচ্ছেন। তবে গোলশূন্য ছয় ম্যাচের পাঁচটিই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। অন্য ম্যাচটি আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে, রাশিয়ার বিপক্ষে।

এই গোলখরা কাটতে পারত গতকাল রাতেই। কিন্তু গোলরক্ষক নেতোর হাত ফসকে বল গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু রেফারি ও লাইন্সম্যানের ভুলে সে গোল পাওয়া হয়নি মেসি ও তাঁর দল বার্সেলোনার। রদ্রিগোর গোলে পিছিয়ে থাকা বার্সেলোনাকে ম্যাচে ফিরিয়েছেন ওই মেসিই। তাঁর ক্রস থেকেই দারুণ এক ভলিতে গোল করেছেন ডিফেন্ডার জর্ডি আলবা।

কিন্তু টানা পাঁচ ম্যাচে গোল না পাওয়ায় মেসি যে একটু হলেও বিরক্ত, সেটা বোঝা গেছে ম্যাচ চলাকালেই। গোল বাতিলের পর রেফারির সঙ্গে তর্ক করেছেন। বিরতির সময় রেফারির মাঠ ছাড়ার পুরো সময় ব্যয় করেছেন রেফারির সঙ্গে কথা বলতে বলতে। ম্যাচ শেষেও সাধারণত নির্লিপ্ত মেসিকে পাওয়া গেছে রাগান্বিত অবস্থায়। বারবার রেফারিকে তাঁর ভুল দেখিয়ে দিয়েছেন মেসি।

এই মৌসুমে মেসির নৈপুণ্যে ভর করে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ গোল নিয়ে এখনো লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। অথচ ৮ ম্যাচেই এই গোল করেছিলেন লিও। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার সর্বশেষ ৩৪ গোলের ২৭টিতেই অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। কালও দারুণ নৈপুণ্য, এমনকি গোল করেও বার্সাকে জেতাতে পারলেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তাতেই ২০১০ সালের পর নিজের ক্যারিয়ারে সবচেয়ে লম্বা গোলখরার রেকর্ড হয়ে গেল।