শোক জানালেন বুফন-কিয়েলিনিরা

বোর্দোর স্তাদে ডি বোর্দোয় কাল ইউরোর কোয়ার্টার ফাইনালে অদৃশ্যভাবে থাকল বাংলাদেশ, থাকল ঢাকা। অবশ্যই অপ্রত্যাশিত এক কারণে। গত শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মি ঘটনা ও সন্ত্রাসী হামলায় অন্যদের সঙ্গে নিহত হন নয় ইতালীয় নাগরিক। বিদেশি নাগরিকদের মধ্যে ইতালি থেকেই সবচেয়ে বেশি নিহত হয়েছে এ জঙ্গি হামলায়। ইতালি-জার্মানি কোয়ার্টার ফাইনালের আগে এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে পালন করা হল নীরবতা। দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্টেডিয়ামের দর্শকদের সঙ্গে মিলে স্মরণ করলেন ঢাকার স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের। ম্যাচেও কালো আর্মব্যান্ড পরে খেলেছেন ইতালীয় ফুটবলাররা।

সন্ত্রাসীদের হামলায় এই ঘটনায় বেকারির ভেতরেই নিহত হন ইতালি, জাপানি, ভারতীয়, বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই নিজেদের নয় নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশের জন্য ম্যাচে কালো ব্যান্ড পরার সিদ্ধান্ত নেয় ইতালি। ঢাকার এই ঘটনা তো কেবল ইতালীয়দেরই নয়, এটি ছুঁয়ে গেছে গোটা দুনিয়ার মানুষকেই। তাই ইতালীয়দের কালো ব্যান্ড পরার পাশাপাশি এই ঘটনায় আনুষ্ঠানিক শোক প্রকাশের সিদ্ধান্ত নেয় উয়েফা।