শোধ নিতে চায় জার্মানি
এমন নয় যে, এই ম্যাচ জিততে না পারলে মহা অঘটন হয়ে যাবে। ইউরো বাছাইপর্বে নিজেদের গ্রুপে জার্মানি এখন ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। এক গ্রুপ থেকে সর্বোচ্চ তিনটি দলও খেলতে পারে। ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা পোল্যান্ডের সঙ্গে জার্মানির আজকের ম্যাচটা তাই বাঁচা-মরার লড়াই নয়। তা হলে ফ্রাঙ্কফুর্টে এই ম্যাচের আগে মুলাররা ‘এটা প্রীতি ম্যাচ নয়’, ‘হিসাব-নিকাশ মেটানোর আছে’ বলে এমন যুদ্ধংদেহী মেজাজের আবহ ছড়িয়ে দিচ্ছেন কেন?
উত্তরটা জানতে হলে আসলে একটু পেছনে ঘুরে আসতে হয়। বিশ্বকাপজয়ী জার্মানির যে দাপট দেখানোর কথা ছিল, গত এক বছরে তা দেখাতে পেরেছে কই? পোল্যান্ডের সঙ্গে গত অক্টোবরে হারটাও আজকের লড়াইয়ে বাড়তি উত্তাপ দিচ্ছে। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখেই খেলেন। বায়ার্নের জার্মান সতীর্থরা যে ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, সেটা লেভানডফস্কি নিজেই জানিয়ে দিয়েছেন।
২-০ গোলের ওই হারটাই বেশি তাতিয়ে দিয়েছে জার্মানিকে। মুলার যেমন বললেন, ‘এখন কিছু করে দেখানোর সময়। এটা কোনো প্রীতি ম্যাচ নয়, সম্ভবত সবচেয়ে কঠিন ম্যাচের সামনেই আমরা দাঁড়িয়ে। ২-০ গোলে আগেরবার আমরা হেরেছিলাম, এবার পোল্যান্ডের সঙ্গে আমাদের কিছু হিসাব-নিকাশ মেটানোর আছে। নিজেদের খেলাটা আমরা অনেক দিন ধরেই খেলতে পারিনি, এবার সেটা খেলতে হবে আমাদের।’
শেষ কথাটাই অবশ্য বলে দিচ্ছে, পরের দুই ম্যাচ জিতে জার্মানি তো শুধু ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিতই করতে চায় না, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জার্মান-শৌর্যের একটা বার্তাও দিতে চায়। সেটি যে সবারই ভুলে বসার উপক্রম। জার্মান দৈনিক ডাই ভেল্ট-এর সাম্প্রতিক এক জরিপ জানাচ্ছে, জার্মানদের মাত্র ১৩ শতাংশ বিশ্বাস করে জার্মানি ইউরো ২০১৬ জিততে পারবে। কোচ জোয়াকিম লো হারিয়ে যাওয়া সেই বিশ্বাসটাই ফিরিয়ে আনতে চান, ‘আমরা যে রকম চাপে আছি, সেটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য একটু বেমানান। আমরা ভালোমতোই জানি, পরের দুই ম্যাচ আমাদের জিততেই হবে।’ যে দুই ম্যাচের কথা বলছেন লো, তার দ্বিতীয়টি আগামী সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে। জার্মানির জন্য দুঃসংবাদ, চোটের কারণে এই দুই ম্যাচেই খেলতে পারছেন না উইঙ্গার মার্কো রয়েস। এএফপি, উয়েফা ডটকম।