
শোকের চাদরে ঢাকা ইউরোপ। সেই শোক ছড়িয়ে পড়ল ইউরোর বাছাইপর্বেও। সুইডেনের সলনার স্টেডিয়াম যেন রঞ্জিত হলো ফ্রান্সের জাতীয় পতাকার লাল-নীল-সাদায়।
মাঠে সবাই এক মিনিট নীরবতা পালন করলেন, হাতে ছিল কালো ব্যাজ। আর ৯০ মিনিটের ম্যাচ শেষে ফ্রান্সের পথে একটু এগিয়ে গেল ইউক্রেন, সুইডেন, আয়ারল্যান্ড ও হাঙ্গেরি। ইউরো বাছাই প্লে-অফের প্রথম লেগে নিজেদের মাঠে ইউক্রেন ২-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়াকে, স্ক্যান্ডিনেভিয়ান ডার্বিতে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে সুইডেন, বসনিয়ার মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছে আয়ারল্যান্ড। আর নিজেদের মাঠে নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।
আকর্ষণটা বেশি ছিল সুইডেন-ডেনমার্কের ম্যাচেই। বয়স ৩৪ হয়ে গেছে, পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও খুব উজ্জ্বল নয়। ইব্রাহিমোভিচকে কি আর কোনো বড় আসরে দেখা যাবে না? সেই সম্ভাবনা উজ্জ্বল করার দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন। পেনাল্টি থেকে তাঁর করা গোলেই দ্বিতীয়বার এগিয়ে যায় সুইডেন। বিরতির ঠিক আগে এমিল ফরসবার্গ করেছিলেন প্রথম গোল। তবে ৮০ মিনিটে নিকোলাই জর্গেনসেনের গোলে ডেনমার্কের আশাটাও বেঁচে আছে।
তবে ইউরো নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসরটা ফ্রান্সেই হবে তো? ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সেই প্রশ্ন উঠেই যাচ্ছে। ইউরোর আয়োজক কমিটির প্রধান জ্যাক ল্যাম্বার্ট বলেছেন, টুর্নামেন্ট নিয়ে কোনো সংশয় নেই। ‘আমার ভয়টা হলো ইউরো ২০১৬-এর খেলা বাতিল হলে সন্ত্রাসীদের খেলারই শিকার হতে হবে’—আগামী ১০ জুন-১০ জুলাই অনুষ্ঠেয় মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট বাতিল না করতে চাওয়ার পেছনে এটাই মূল যুক্তি ল্যাম্বার্টের। এএফপি, বিবিসি।