শোকের মধ্যেই অভিষেক রোনালদোর

>ইতালিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকটা হচ্ছে এক ধরনের শোকগ্রস্ত পরিবেশে। জেনোয়ায় সেতু ভেঙে পড়ে ৩৯ জনের মৃত্যু পর্তুগিজ তারকার অভিষেকটা ঢেকে দিয়েছে বেদনার কালো মেঘে।
রোনালদোর অভিষেক নিয়ে অধীর গোটা ইতালি। শুধুমাত্র ইতালিজুড়ে নয়, ইতালিতে রোনালদোর মাঠে নামার অপেক্ষায় গোটা দুনিয়া। যদিও জুভেন্টাস ‘বি’ দলের বিপক্ষে ইতিমধ্যে মাঠে নামা হয়ে গেছে, তবুও এখনো পর্যন্ত অফিশিয়ালি মাঠে নামা হয়নি। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল ইতালীয় ফুটবল। দেশটির জেনোয়া শহরে একটি সেতু ভেঙে পড়ে মারা মারা গেছে ৩৯ জন।
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ইতালীয় সিরি ‘আ’। কদিন আগেই শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সিরি ‘আ’ শুরুর অপেক্ষায় যখন সবাই, ঠিক তখনই জেনোয়ার এই দুর্ঘটনা। এই শহরের দুটি ক্লাব জেনোয়া ও সাম্পাদোরিয়ার অনুরোধে তাদের দুটি ম্যাচ বাতিল করেছে কর্তৃপক্ষ। রোববার জেনোয়ার বিপক্ষে এসি মিলান আর সাম্পাদোরিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার খেলা ছিল। জেনোয়াবাসীর এই শোকের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে সিরি ‘আ’র বাকি ক্লাবগুলিও। নিজেদের প্রথম ম্যাচে সবাই মাঠে নামবে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
সবকিছু ঠিক থাকলে আগামীকালই জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম মাঠে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোদের জন্য শিয়েভো ভেরোনার বিপক্ষে ম্যাচ খুব একটা কঠিন নয়। হেসে-খেলেই জয় পাওয়ার কথা। কিন্তু পর্তুগিজ তারকার অভিষেকের মুহূর্তটা রঙে রঙিন হওয়ার বদলে একটা শোকগ্রস্ত পরিবেশেই হচ্ছে।