লিওনেল মেসি ছিলেন না, তবু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল চিলির মাঠে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। অপরাজিত থাকার ধারা ২৮ ম্যাচে নিয়ে যাওয়ার পথে কাজটা একেবারে সহজ অবশ্য ছিল না আর্জেন্টাইনদের জন্য। একে তো জয় পেতে মরিয়া চিলি ম্যাচের ভেন্যু বদলে শেষ পর্যন্ত নিয়ে গেছে মরু অঞ্চল কালামায়, তার ওপর ম্যাচ শেষে আর্জেন্টাইনরা অভিযোগ করলেন, তাঁদের ঠিকমতো আতিথ্য দেওয়া হয়নি।
হোটেলে, মাঠে চিলির কর্তৃপক্ষ তাঁদের অনেক ঝামেলায় ফেলেছে বলে ম্যাচ শেষে অভিযোগ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল। এমনকি তাঁদের টয়লেটেও যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
তবে সেসবের জবাব এসেছে চিলির দিক থেকে। চিলির ডিফেন্ডার গ্যারি মেদেল বললেন, আর্জেন্টিনার এমনটা প্রাপ্য ছিল, কারণ তারাও আগে চিলির সঙ্গে এমনই করেছে।
চিলি আর আর্জেন্টিনার মধ্যে এমন একে অন্যকে ‘একহাত নেওয়ার’ চেষ্টা সব সময়ই থাকে। এবারও ব্যতিক্রম হলো না। গতকাল আর্জেন্টিনার জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল দাবি করলেন, চিলির মাটিতে পা রাখার পর থেকেই অন্যায় আচরণের শিকার হতে হয়েছে তাঁদের।
এ নিয়ে ক্ষোভ জানিয়ে দি পল চিলির ‘অন্যায় আচরণের’ বিস্তারিতই ব্যাখ্যা করেন, ‘বিমানবন্দরে (ইমিগ্রেশনে) তিন ঘণ্টা বসে থাকতে হয়েছে আমাদের। সেখানে টয়লেটেও যেতে দেওয়া হয়নি। এরপর হোটেলে গেলাম, সেখানে এসি কাজ করছিল না। রুমের তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মতো ছিল! জানালা খোলা রেখে ঘুমাতে হয়েছে আমাদের, কিন্তু সেখানেও সাইরেনের আওয়াজ আসছিল। আমরা ঘুমাতে পারিনি। আজ আমরা ঘুম থেকে ওঠার পর দেখি কলে পানি নেই।’
চিলি সেসব অস্বীকার করার চেষ্টাও করেনি। উল্টো চিলির ডিফেন্ডার গ্যারি মেদেল পাল্টা জবাবে যা বললেন, সেটির সারমর্ম এই যে আর্জেন্টিনা যা করেছে, সেটির শোধ তুলেছে চিলি।
গত জুনে আর্জেন্টিনার মাটিতে চিলির বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে আর্জেন্টিনার ‘আতিথ্যের’ ফিরিস্তি দিয়েছেন মেদেল।
দি পলের অভিযোগের জবাবে মেদেল বলেন, ‘এমন তো আমাদের সঙ্গেও হয়েছে। ওদের এখন চুপ করে এসব সহ্য করতে হবে। ওরা আমাদের প্রথমে বুয়েনস এইরেসে নিল, সেখান থেকে সান্তিয়াগো দেল এস্তেরোতে (বুয়েনস এইরেস থেকে ৯০০ কিলোমিটার দূরে) নিয়ে গেল। ওদের এখন কিছু বলার থাকতে পারে না!’
বিমানবন্দরে আর্জেন্টাইনদের তিন ঘণ্টা অপেক্ষা করতে হওয়ারও ব্যাখ্যা দিয়েছেন মেদেল, ‘ওরাও তো আমাদের ইমিগ্রেশনে তিন ঘণ্টা বসিয়ে রেখেছিল। (করোনার সময়ে) স্বাস্থ্যবিষয়ক নিয়মকানুন আর্জেন্টিনার জন্য যেমন, আমাদের জন্যও তেমনই। আমরা যখন (চিলি) আসি, আমাদেরও তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। চিলিয়ান নিয়মই এটা।’
আর্জেন্টাইনদের ওপর শোধ নেওয়ার পাশাপাশি আর্জেন্টিনাকে এত ঝামেলার মধ্যে ফেলার পেছনে চিলির আরেকটি উদ্দেশ্যও ছিল বলে ধারণা অনেকের। এই ম্যাচে যে জয় চিলির জন্য খুব দরকার ছিল! বাছাইপর্বে শুরু থেকে ধুঁকছে চিলি, কাল আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় ২০২২ কাতার বিশ্বকাপে তাদের জায়গা পাওয়াই এখন ঘোর সংশয়ে পড়ে গেল।
১০ দলের লাতিন বাছাইপর্ব থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে যায়, পঞ্চম দল আন্তমহাদেশীয় প্লে-অফে খেলে এশিয়ান অঞ্চলের প্লে-অফে সুযোগ পাওয়া দলের সঙ্গে। আর্জেন্টিনার কাছে হারের পর চিলি ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে।
বাছাইপর্বে তাদের বাকি তিন ম্যাচও একেবারে সহজ নয়। ২ ফেব্রুয়ারি পরের ম্যাচের প্রতিপক্ষ বলিভিয়া (১৫ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে), তার ওপর ম্যাচটি লা পাজে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে অতিথি দলগুলো অক্সিজেনের অভাবে খাবি খায়, বলিভিয়ার বড় শক্তির জায়গাই সেটি। চিলির শেষ দুই ম্যাচ ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে।
এদিকে কাল কলম্বিয়ার মাটি থেকে ১-০ গোলে জিতে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল করেছে পেরু। বাছাইপর্বে টানা তৃতীয় এই জয়ে ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে উঠে এসেছে পেরুভিয়ানরা। কলম্বিয়া নেমে গেছে ৬ নম্বরে, তাদের পয়েন্ট ১৫ ম্যাচে ১৭। পেরু ৪ নম্বরে ওঠায় ৫ নম্বরে নেমে গেছে উরুগুয়ে, সুয়ারেজদের পয়েন্ট ১৫ ম্যাচে ১৯।
বাছাইপর্বে টানা ষষ্ঠ ম্যাচে গোল করতে ব্যর্থ কলম্বিয়া কাল ৩০টি শট নিয়েও গোল করতে পারেনি, পোস্টেই রাখতে পেরেছে মাত্র ২টি শট। পেরুর ৪ শটের ১টি পোস্টে, ৮৫ মিনিটে সেই শটেই গোল করেছেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এদিসন ফ্লোরেস।