শোয়েনস্টাইগারকে 'ক্যামেরাম্যান' বানিয়ে দিলেন ভক্ত!

হঠাৎই চোখের সামনে প্রিয় খেলোয়াড়দের দেখা মিললে ছবি তোলার সুযোগ কি আর হাতছাড়া করা যায়! টরন্টোয় শিকাগো ফায়ারের এক নারী ভক্তও তা করেননি। কিন্তু সমস্যাটা হলো, কাকে দিয়ে ছবিটা তিনি তোলাবেন?
নারী ভক্তের সামনে যে কজন শিকাগো ফায়ারের খেলোয়াড় ছিলেন তাঁদের মধ্যে একজনই তাঁর কাছে বেশ অচেনা। ঝটপট তাঁর হাতেই ছবি তোলার দায়িত্ব দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে গেলেন প্রিয় তারকাদের সঙ্গে। আর যিনি মুহূর্তেই আলোকচিত্রী বনে গেলেন তাঁর নাম কি জানেন—বাস্তিয়ান শোয়েনস্টাইগার! জার্মানির হয়ে যিনি বিশ্বকাপ (২০১৪) জিতেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে আটবার বুন্দেসলিগা জিতেছেন, একবার ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও—এই জার্মান মিডফিল্ডারকেই চিনতে পারেননি টরন্টোর ওই শিকাগো ফায়ার সমর্থক!
বায়ার্ন ছেড়ে ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন শোয়েনস্টাইগার। সেখান থেকে এ বছরের মার্চে মেজর লিগ সকার খেলতে পাড়ি জমিয়েছেন শিকাগোয়। সেখানে অবশ্য তাঁর প্রথম সংবাদ সম্মেলনেই একটা বিচিত্র প্রশ্ন শুনতে হয়েছিল—‘শিকোগো ফায়ারকে বিশ্বকাপ জিততে পারবেন?’
দুদিন আগে শোয়েনস্টাইগারের দল এসেছে টরোন্টোয় একটা ম্যাচ খেলতে। সেখানেই ওই ঘটনা। শিকাগো ফায়ারের সহকারী কোচ এরিক গেহরিগ শোয়েনস্টাইগারের আলোকচিত্রী হওয়ার ছবিটা টুইট করে লিখেছেন, ‘বেচারা ভক্ত জানতেন...।’