শোয়েবের দুর্দান্ত গোল দেখার মানুষ কই?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু থেকেই যেন দুর্দান্ত গোলের পসরা সাজিয়ে বসেছে। চলতি মৌসুমে একের পর এক দৃষ্টিনন্দন গোল উপহার দিয়ে যাচ্ছেন দেশের ফুটবলাররা। বিজেএমসির লেফটব্যাক শোয়েব মিয়ার কল্যাণে আজও দেখা গেল দুর্দান্ত একটি গোল। কর্নার থেকে ডি-বক্সের বাইরে পাওয়া বলটি নিয়ে ভেতরের দিকে ঢুকে আচমকা বাঁ পায়ে সরাসরি জালে জড়িয়ে দেন তিনি। মোট পাঁচ গোলের ম্যাচে শেষ পর্যন্ত আরামবাগের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বিজেএমসি।
আরামবাগের গোলরক্ষক মাহফুজ হাসান ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি। দুর্দান্ত গোল বলেই বারবার রিপ্লে দেখানো হলো টিভিতে। কিন্তু মাঠে বসে এমন গোল দেখার লোক আর কোথায়। মেরে কেটে কয়েক শ দর্শক উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এমন সুন্দর গোল করে দর্শকের তালিই যদি শোনা না যায়, গ্যালারির গর্জন যদি কাঁপন না ধরায়, দর্শকের আনন্দ চিৎকারই শোনার সৌভাগ্য না হয়, তবে আর গোল করা কেন!
পুরো ম্যাচটিই ছিল নাটকীয় ও দুর্দান্ত এক প্যাকেজ। শোয়েবের গোলটি ছাড়া বিজেএমসির পক্ষে জোড়া গোল করেছেন অধিনায়ক এলিটা কিংসলে। আরামবাগের হয়ে একটি করে গোল করেছেন বুকোলা ওলালেকাও ও সুফিয়ান সুফিল।
৪২ মিনিটে গোলের খাতা খোলেন শোয়েব। বিরতি থেকে ফিরে আরামবাগকে সমতা এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা। সমতায় ফেরার চার মিনিট পরেই বিজেএমসি গোলরক্ষক আরিফুল ইসলামের ভুলের সুযোগে দলকে এগিয়ে নিয়েছেন আরামবাগ অধিনায়ক সুফিয়ান সুফিল। ম্যাচের নাটকীয়তা তখনো অনেক বাকি। ৬৭ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে বিজেএমসিকে আবার সমতায় ফিরিয়েছেন অধিনায়ক কিংসলে। ডান প্রান্ত থেকে শরিফুলের ক্রসে আতিকুজ্জামান বল ক্লিয়ার করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
স্পটকিক থেকে সমতায় ফেরান কিংসলে। পেনাল্টি নিয়ে আরামবাগের খেলোয়াড়েরা জোরালো আপত্তি জানান। টিভি রিপ্লেতেও পুরোপুরি পরিষ্কার নয়, বলটি আতিকুজ্জামানের বুকের সঙ্গে হাতেও লেগেছে কি না! পরে বিজেএমসির জয়সূচক গোলটিও কিংসলেরই। অতিরিক্ত যোগ করা সময়ে শরিফুলের ক্রস থেকে হেডে জয় নিশ্চিত করেন বিজেএমসি অধিনায়ক।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বিজেএমসি। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আরামবাগ।