
ভারত অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ছোটখাটো একটা টর্নেডো বইয়ে দিয়ে গতকাল ৫-০ গোলে হারাল শ্রীলঙ্কাকে। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা শক্তিমত্তার প্রকাশটা এর চেয়ে ভালোভাবে আর জানান দিতে পারত না!
ঘড়ির কাঁটা যখন পাঁচটা ছুঁই-ছুঁই, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলুন উড়িয়ে নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় ফুটবল দ্বৈরথ। তবে ‘দ্বৈরথ’ বলতে যে আক্রমণ-পাল্টা আক্রমণ বোঝায়, সেটা মোটেই ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ন্ত্রণ করেছে ভারতীয় যুব দল। তারা গোল নষ্ট করার মহোৎসবে মেতে না উঠলে শ্রীলঙ্কান যুবাদের ডজন খানেক গোল খেতে হতো।
খেলার ৩১ মিনিটে সৌরভ মেহের প্রথম এগিয়ে নেন ভারতকে। প্রথমার্ধে ওই একটিই গোল, কিন্তু দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে খোদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক আফরান আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।
এরপর গোলের দৃশ্যটাই ছিল নিয়মিত। আরও দুই গোল করে হ্যাটট্রিক পেয়েছেন সৌরভ। অন্য গোলটি করেছেন মোহাম্মদ শাহজাহান। সিলেটের মাঠে খেলা মানেই বিপুল দর্শক—প্রায় প্রবাদ-প্রবচনে পরিণত হওয়া এ বক্তব্যকে সমর্থন করার মতো দর্শক কাল মাঠে ছিলেন না। হাজার চারেক দর্শকের প্রায় অর্ধেকই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তবে আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি আশা করছেন আয়োজকেরা।
সিলেট ফুটবল একাডেমিতে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও তাদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল জয় দিয়ে শুরু করতে তারা উন্মুখ।