শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ যশোর-রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসের শেষ সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। ওই ম্যাচ দুটির ভেন্যুও ঠিক হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ম্যাচ দুটি হবে যশোর ও রাজশাহীতে।

শোনা গিয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে দুটি ম্যাচের একটি হতে পারে সিলেটে। কদিন আগে সিলেটে বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচে দর্শক উন্মাদনা দেখে অমন চিন্তাভাবনা ছিল। তা থেকে সরে আসার কারণটাও বললেন সালাউদ্দিন, ‘সিলেটে ভেন্যু আমাদের কাছে পরীক্ষিত। এখন আমরা নতুন ভেন্যু দেখব। যেখানে ভবিষ্যতে ফুটবলের বড় আয়োজন হতে পারে।’

যশোর ও রাজশাহী ভেন্যু পরীক্ষায় উত্তীর্ণ হলে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু হতে পারে। যেমনটা ফরিদপুর স্টেডিয়ামকে ভেন্যু করতে পারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। আজ ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম দেখতে যাবেন সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। সব পছন্দ হলে এবারের প্রিমিয়ার লিগে ফরিদপুরই হবে দলটির ভেন্যু। ফরিদপুর না হলে তাদের ভেন্যু হবে সিলেট।