শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই তো কাম্য!

বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে উঠতে না পারলে জাতীয় দলে আর না খেলার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মামনুল ইসলাম। ১৫ বছর পর ঘরের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যাপারটি তো আছেই। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠতে না পারলে যে এদেশের ফুটবলের পুনর্জাগরণের প্রচেষ্টাটাই অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির আগে জাতীয় দলের অধিনায়কের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচের আগে অনেক কিছু থেকেই প্রেরণা নিতে পারেন দেশের ফুটবলের সেরা এই তারকা। কিন্তু প্রেরণাটা বোধহয় সবচেয়ে বেশিই জোগাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক রেকর্ড। এই দেশটির বিপক্ষে ১৯৭৯ সাল থেকে মোট ১৪টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ৮ বারই যে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
রেকর্ডের বিচারেই আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশ সুস্পষ্ট ফেবারিট। শ্রীলঙ্কার বিপক্ষে এই তো সেদিনই যশোর ও রাজশাহীতে আয়োজিত দুটো আন্তর্জাতিক ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অপরটিতে এগিয়ে গিয়েও ড্র’য়ের দুর্ভাগ্য বরণ করতে হয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এক গোলে হারলেও সে ম্যাচের পারফরম্যান্সে আজ শ্রীলঙ্কার বিপক্ষে উদ্দীপ্ত করতেই পারে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের রেকর্ডও আছে বাংলাদেশের। এই দলটির বিপক্ষে তিনটি ম্যাচে হারের লজ্জা গায়ে মাখতে হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের অবস্থান ইত্যাদি বিচারে ওই তিনটি হার এদেশের ফুটবলের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে আছে। বিশেষ করে ২০১০ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে হারের কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশের ফুটবলে। অথচ, সেই আসরেই নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানের মতো শক্তিশালি প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের অন্য দুটি হারের একটি ২০০৮ সালে, অপরটি ২০০০ সালে। ২০০৮ সালে কলম্বোতেই সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। ২০০০ সালে মালদ্বীপের মালেতে গোল্ডেন জুবিলি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় এই লঙ্কানদের কাছে প্রথমবারের মতো হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ (১-০)।
একটা সময় ছিল শ্রীলঙ্কা যখন বড় বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশের কাছে। শ্রীলঙ্কাকে শেষবারের মতো দুই গোলের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে সেই ১৯৯৯ সালে। আবুধাবিতে এশিয়ান কাপ বাছাইয়ে সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টস কাপে প্রথম মোকাবিলাতেই শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ১৯৮৯ সাল পর্যন্ত এই দুই দল আর মুখোমুখি হয়নি। ১৯৮৯ সালে ইসলামাবাদে সাফ গেমসের ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ জয় পায় ৩-০ গোলে। ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে জাপানের টোকিও ও আমিরাতের দুবাইয়ের দুই লেগে শ্রীলঙ্কাকে যথাক্রমে ১-০ ও ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ১৯৯৫ সালে মাদ্রাজ (হালের চেন্নাই) সাফ গেমসের সেমিফাইনালে এই দুই দলের লড়াই নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে বাংলাদেশ জয় তুলে নিয়েছিল। সে বছরই এই কলম্বোতে অনুষ্ঠিত একটি প্রীতি আন্তর্জাতিক ম্যাচ গোলশূন্য ড্র করেছিল দুই দল।
এসব রেকর্ড যদি মামুনুলদের তাতাতে না পারে তাহলে জানানো যাক ফিফা র্যাঙ্কিংয়ের কচকচানি। ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কার চেয়ে (১৭২) এগিয়েই আছে বাংলাদেশ (১৬৫)। রাজশাহীর সর্বশেষ মোকাবিলায় লঙ্কানদের বিপক্ষে নিরঙ্কুশ প্রধাণ্য বিস্তার করে জয় তুলে নেওয়ার ব্যাপারটিও কি উজ্জীবিত করবে না বাংলাদেশকে!
মামুনুল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জিততে না পারার হতাশাতেই হয়ত একটু কঠিন প্রতিজ্ঞাই করে ফেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিজ্ঞা হওয়া উচিত যেকোনো মূল্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের জয়। জিততে না পারলে জাতীয় দল ছেড়ে দেওয়ার কথা নয়। এই ব্যাপারগুলো দলের ওপর তৈরি করে চাপ। যা মোটেও কাম্য নয়। মামুনুলের তো বোঝা উচিত চাপমুক্ত থেকে নিজেদের খেলাটা খেললেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় কোনো সমস্যা নয়। অতীত রেকর্ড অন্তত সেটাই বলে।