বর্তমান সময়ে আফ্রিকা মহাদেশের সেরা খেলোয়াড়দের তালিকায় নিঃসন্দেহে এই দুজন থাকবেন। কাকতালীয়ভাবে তাঁরা খেলেনও একই ক্লাবে। শুধু খেলেন বলাটা ভুল হবে, ক্লাবের ভালো-মন্দের গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা জায়গায় এই দুজন একবিন্দুতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের কেউই দেশের হয়ে যেকোনো আন্তর্জাতিক শিরোপা জেতেননি! এবার সে আক্ষেপ অন্তত একজনের ক্ষেত্রে ঘুচেই যাচ্ছে।
কথাগুলো যে লিভারপুলের দুই উইঙ্গার মোহাম্মদ সালাহ আর সাদিও মানেকে নিয়ে হচ্ছে, কারও বুঝতে বাকি থাকার কথা নয়। আফ্রিকার সেরা দল হওয়ার তকমা এর আগে সাতবার মিসরের কপালে জুটলেও মোহাম্মদ সালাহ সে সাত স্কোয়াডের একটিতেও ছিলেন না। ওদিকে সেনেগাল এর আগে আফ্রিকান কাপ অব নেশনস জেতেইনি কখনো। ফাইনালে এই দুই দলের যে-ই জিতুক না কেন, সালাহ বা মানের মধ্যে একজন অন্তত নিজের আক্ষেপ মেটাতে পারবেন।
পরশু বুরকিনা ফাসোকে হারিয়ে ফাইনালে উঠেছিল সেনেগাল। কাল রাতে স্বাগতিক ক্যামেরুনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে মিসর। ০-০ স্কোরলাইনে মূল সময়ের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ স্কোরে ক্যামেরুনকে পেছনে ফেলে জিতে গেছে সালাহর দল।
তবে সেমিতে সেনেগালের জয়ের অন্যতম নায়ক সাদিও মানে হলেও মিসরের নায়ক সালাহ হতে পারেননি। মিসরকে ফাইনালে তোলার পুরো কৃতিত্বই দলটার বিকল্প গোলকিপার মোহাম্মদ আবু গাবাল ‘গাবাস্কি’র। শুটআউটে গাবাস্কি দুটি শট ঠেকিয়ে না দিলে হয়তো নিজেদের মাঠে ফাইনাল খেলতে নামত ক্যামেরুন!
অবশ্য মিসরের নায়ক হওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয় গাবাস্কির। দ্বিতীয় রাউন্ডেও গাবাস্কির কাঁধে চড়েই কোয়ার্টারের টিকিট কেটেছিল মিসর। টাইব্রেকারে আইভরি কোস্টকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে ওঠার পথে একটা শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছিলেন গাবাস্কি। অথচ এই টুর্নামেন্টে মূল একাদশের হয়ে খেলার কথাই ছিল না মিসরের ক্লাব জামালেকের এই গোলকিপারের।
৩৩ বছর বয়সী এই গোলকিপারের অভিষেক ২০১১ সালে হলেও এসাম এল হাদারি, মোহাম্মদ এল শেনাউইদের কারণে জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে আরও ১০ বছর লেগেছে তাঁর। এবার আফকন খেলতে আসার আগে জাতীয় দলের হয়ে সাকল্যে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল গাবাস্কির। আইভরি কোস্টের বিপক্ষে সে ম্যাচে মূল গোলকিপার এল শেনাউই চোটে না পড়লে গাবাস্কির খেলাই হয় না এই টুর্নামেন্টে!
তবে মূল ম্যাচে গোল করার সুযোগ ক্যামেরুনই বেশি পেয়েছিল। বেলজিয়ান ক্লাব গেন্টের সেন্টারব্যাক মাইকেল এনগাদুই গোল করার সুযোগ নষ্ট করেছেন দুটি। মিডফিল্ডার স্যামুয়েল গুয়েতও দ্বিতীয়ার্ধে দূরপাল্লার এক শট থেকে গোল করতে পারেননি। ৮৯ মিনিটে রেফারির সঙ্গে ঝগড়া করে মিসরের কোচ কার্লোস কুইরোজ লাল কার্ড দেখলে সালাহরা আদৌ স্বাগতিকদের হারাতে পারে কি না, সে শঙ্কা জেঁকে বসেছিল। শুটআউটে সে শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন গাবাস্কি।
সেঁত এতিয়েনের সেন্টারব্যাক হ্যারলড মাকুদি আর মিডলসব্রোর মিডফিল্ডার জেমস লেয়া সিলিকির নেওয়া দুটি শট তো আটকেছেনই, টটেনহামের সাবেক উইঙ্গার ক্লিনটন এনজিও নিজের শট বাইরে মেরে ক্যামেরুনের হার ত্বরান্বিত করেছেন। ওদিকে মিসরের হয়ে একে একে গোল করেছেন জিজো, মোহাম্মদ আবদুলমোনেম ও মোহানাদ লাশিন। ক্যামেরুন তারকাদের একের পর এক মিসের কারণে সালাহকে পেনাল্টি নিতে আসতেই হয়নি!
ফাইনালে দুই ক্লাব-সতীর্থের কে জেতেন, সেটিই এখন দেখার বিষয়!