ষোলোর প্রতিশোধ উনিশে নিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব ১৬–এর সাফল্য টেনে নিতে পারল না যুবারা। ছবি: গোল নেপালের সৌজন্যে
অনূর্ধ্ব ১৬–এর সাফল্য টেনে নিতে পারল না যুবারা। ছবি: গোল নেপালের সৌজন্যে

দশ দিনও পার হয়নি। এরই মধ্যে প্রতিশোধ নিয়ে নিল ভারত। টাইব্রেকারে হারের প্রতিশোধ নিল টাইব্রেকারেই। গত ১৮ আগস্ট ভারতকে টাইব্রেকারে হারিয়ে কিশোর সাফের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আজ অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারতের যুবারা।
নেপালের কাঠমান্ডুতে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। কিন্তু টাইব্রেকারে সাডেন ডেথে হার মানতে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের। টাইব্রেকারের লটারিতে ৪-৩ ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবা​রা। শনিবারের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভারত।
খেলার শুরু থেকেই যথেষ্ট সাবধানী ছিল দুদল। পুরো ম্যাচে গোলের সুযোগ কমই তৈরি হয়েছে। তবে বাংলাদেশের মান্নাফ রাব্বি আর ইব্রাহিমরা ভারতীয় রক্ষণে ভালোই আতঙ্ক ছড়াচ্ছিলেন। কিন্তু বল নিয়ে বাংলাদেশি ফরোয়ার্ডরা কারিকুরি দেখালেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বল নিয়ে অবলীলায় ভারতীয় রক্ষণ-সীমানায় পৌঁছে গেলেও ফাইনাল পাসটিই যেন কিছুতেই বাড়াতে পারছিলেন না বাংলাদেশের যুবারা।
সুযোগ পেয়ে ভারতও পাল্টা আক্রমণ চালাচ্ছিল। ভারতীয় আক্রমণগুলো তুলনামূলকভাবে ছিল অনেক বেশি বিপজ্জনক। কিন্তু সেই বিপদগুলো বেশ ভালোভাবেই এড়িয়ে গেছে বাংলাদেশের রক্ষণ। গোলপোস্টে আজও দারুণ খেলেছেন গোলরক্ষক আনিসুর রহমান।
৯০ মিনিটে গোলশূন্য খেলাটি সরাসরি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম শট থেকেই গোল করতে ব্যর্থ হন ভারতের লারহাম। বাংলাদেশের পক্ষে প্রথম শটে গোল করেন মাসুক মিয়া। ভারতের পক্ষে এর পরের দুটি শটে গোল করেন শাহবাজ ও রোহিত কুমার। বাংলাদেশের পক্ষে রোহিত সরকার লক্ষ্যভেদ করলেও ব্যর্থ হন ইব্রাহীম। ইমনের পরের শটটিও ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। ভারতের চতুর্থ শটটি সফল করেন গুরুশিমরাত। কিন্তু সার্থক গৌলির শট বাইরে দিয়ে চলে যায়। বাংলাদেশের পক্ষে টাইব্রেকারের শেষ শটটি মান্নাফ লক্ষ্যে নিলে ভাগ্যপরীক্ষা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথে রহমত আকাশের উচ্চতায় বল মারলে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

বাংলাদেশ দল: আনিসুর, রহমত, টুটুল, মাসুক, রোহিত, শাহরিয়ার, মান্নাফ, ইব্রাহীম, বিশ্বনাথ, আলম, শাকিল।