সংকটাপন্ন বাদল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদল রায়
বাদল রায়

গতকাল সকাল থেকেই ফুটবলসহ গোটা ক্রীড়াঙ্গনের মানুষের মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ল। সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরশু মধ্য রাতে মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে তাঁর। স্কয়ার হাসপাতালে এনে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

খবর পেয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ সাবেক ফুটবলারদের অনেকেই ছুটে গেছেন হাসপাতালে। ছুটে এসেছেন বাদল রায়ের অনেক রাজনৈতিক সঙ্গী, ফুটবল মাঠের সহযোদ্ধা। অনেক সংগঠকও ছুটে এসেছেন তাঁদের প্রিয় বাদলকে দেখতে।

বিকেলে পাওয়া এমআরআই রিপোর্টে ভালো ফল আসেনি। রাতে জানা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাদল রায়কে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে। বাদলকে যিনি ছোট ভাইয়ের মতো দেখেন, সেই সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘বাদলের মতো ছেলে হয় না। ওকে দ্রুত বিদেশে নিতে না পারলে বাঁচানো কঠিন হবে। অবস্থা ওর অনুকূলে নেই। এখন প্রার্থনা আর উন্নত চিকিৎসাই পারে ওকে ফেরাতে।’

পরশু রাত তিনটার দিকে অসুস্থবোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাদল রায়কে। কাল দুপুরের দিকেও তাঁর জ্ঞান ছিল, তবে কথা ঠিকঠাক বলতে পারছিলেন না। মুখ এবং শরীরের বাঁ দিক কিছুটা অবশ হয়ে গেছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। বাদল রায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর আশীর্বাদ কামনা করেছেন তাঁর সতীর্থরা।