সংবর্ধনামঞ্চে কৃষ্ণাদের অর্থ পুরস্কার
কৃষ্ণা–সানজিদাদের গায়ে সাদা জার্সি। কিন্তু এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এই মেয়েরা কাল যেন রঙিন প্রজাপতির মতোই উড়ছিল। তাদের হাতে ফুলের গুচ্ছ। সেলফি তুলছে, হেসে গড়িয়ে পড়ছে।
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই এই মেয়েদের সংবর্ধনা দেবে বলে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ দলের ২৩ জন ফুটবলার ও কোচদের সংবর্ধনা দিয়েছে বাফুফে। আর মেয়েদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছে তিনটি প্রতিষ্ঠান—সাইফ গ্লোবাল স্পোর্টস, জেমকন গ্রুপ ও কালডয়েল ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানগুলো ৫০ হাজার করে টাকা দিয়েছে মেয়েদের। সব মিলিয়ে দেড় লাখ টাকা করে পেয়েছে একেকজন।
সাইফ গ্লোবাল স্পোর্টসের কর্ণধার তরফদার রুহুল আমিন, জেমকন গ্রুপের পরিচালক কাজী এনাম আহমেদ ও কালডয়েল ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তা খায়রুল মজিদ মেয়েদের হাতে এই অর্থ পুরস্কার তুলে দেন। এসএস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারাজিন ব্রাটসলার ঘোষণা দেন, তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেয়েদের আগামী এক বছরের আবাসিক ক্যাম্পের মাসিক ভাতা দেওয়া হবে। সামনেও প্রাপ্তিযোগ আছে। আজ বাফুফে ভবনে কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেবে আরেকটি প্রতিষ্ঠান ওয়ালটন। পুরো দলকে তারা দেবে ৫ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে প্রত্যেক ফুটবলারকে এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে এই অর্থ পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনা আছে বিসিবির।
কৃষ্ণা-সানজিদাদের নিয়ে কাজী সালাউদ্দিন আরও বড় সাফল্যের স্বপ্ন দেখেন। বাফুফে সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের উদ্দেশে বলেছেন, ‘তোমরা জাতিকে গর্বিত করেছ। আজ সন্ধ্যাটা তোমাদের। যে সাফল্য দেখিয়েছ, তাতে আরও দায়িত্ব বেড়ে গেল তোমাদের। ভবিষ্যতে আবারও যাতে এভাবে সবাইকে নিয়ে আনন্দ করার সুযোগ করে দিতে পারো তোমরা, সেই অপেক্ষায় থাকব।’ কিশোরী ফুটবলারদের নিয়ে কাজী সালাউদ্দিনের কন্যা কাজী সারাজিনও বড় স্বপ্নচারী, ‘তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, তাতে আকাশই হবে স্বপ্নের সীমানা।’