সংবর্ধনায় অনুপ্রাণিত সাবিনারা

অনুষ্ঠান তখন শেষ পর্যায়ে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হঠাৎ মঞ্চে ডেকে নিলেন জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। কাঁধের ওপর হাত রেখে সাবেক এই ফুটবলার বললেন, ‘আমি একটা কথা না বলে পারলাম না। মহিলা দলের অধিনায়ক এবং আমার মধ্যে একটা বিষয়ে দারুণ মিল আছে। আমরা দুজনই দেশের বাইরে লিগ খেলেছি।’
শিলিগুড়িতে এ মাসে শেষ হওয়া মেয়েদের সাফ ফুটবলে রানার্সআপ বাংলাদেশ। অধিনায়ক সাবিনাসহ পুরো দলকেই কাল জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে প্রতিশ্রুত সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেয়েদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। অনুষ্ঠানে কাজী সালাউদ্দিনের বক্তব্য ছিল অনুপ্রেরণাদায়ী, ‘আমার স্বপ্ন বাংলাদেশ একদিন সাফ চ্যাম্পিয়ন হবে। আমি সেই ট্রফিটা তুলে দেব। এবার বাংলাদেশ রানার্সআপ হয়েছে। আমরা কিন্তু ভারতে ফাইনাল খেলতে বা চ্যাম্পিয়ন হতে যাইনি। কারণ দলটা অনূর্ধ্ব-১৬ বছরের। এখানে মাত্র পাঁচজন সিনিয়র খেলোয়াড়। এবার ওরা পারেনি। কিন্তু এই দল অবশ্যই ২০২০ সালে চ্যাম্পিয়ন হবে।’
আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাছাইপর্ব। তার প্রস্তুতির জন্য কোনো ফাঁক রাখতে চায় না বাফুফে। ২৪ জানুয়ারি জাপানে গিয়ে মেয়েরা খেলবে চারটি প্রস্তুতিমূলক ম্যাচ। সালাউদ্দিন এই দলকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, ‘তোমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। আমি তোমাদের জন্য নতুন ট্রেনার এনেছি। ওনাকে বলেছি আমার মেয়েরা যেন সেপ্টেম্বরে সবচেয়ে ফিট থাকে এমনভাবে তৈরি করবেন। তোমাদের যা যা করা দরকার সব করব। তোমাদের জন্য শুভকামনা রইল।’
কোচ গোলাম রব্বানী এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত, ‘কোনো কাজের স্বীকৃতি পেলে সব সময় ভালো লাগে। এই সংবর্ধনা পাওয়ায় মেয়েরাও দারুণ খুশি।’
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ারসহ অনেকে।