সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ ব্ল্যাটার-কন্যার
পদত্যাগ ও নতুন ফিফা সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেও রেহাই মিলছে না। সেপ ব্ল্যাটারকে এখনো সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে। কয়েক দিন আগে তো ফিফার বড় চার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব ব্ল্যাটারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে সেপ ব্ল্যাটারের মেয়ে কোরিন মনে করেন এসবের জন্য দায়ী সংবাদমাধ্যম। শুধু সংবাদমাধ্যমের ‘ঈর্ষা’ ও ‘ঘৃণা’র কারণেই নাকি তাঁর পিতার সুনাম নষ্ট হয়েছে।
গত রোববার সুইজারল্যান্ডের দৈনিক ব্লিককে দেওয়া এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভটা উগড়ে দিলেন কোরিন ব্ল্যাটার, ‘সংবাদমাধ্যমের কারণেই তাঁর সুনাম নষ্ট হয়েছে। কেন তাঁকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? ওদের কী ক্ষতি করেছেন তিনি? আমার জানা নেই।’ পিতার অন্যতম শীর্ষ পরামর্শক হিসেবে কাজ করা কোরিনের দাবি, তাঁর বাবা কোনো অপরাধ করেননি।
গত মাসে ব্ল্যাটারের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায়ও ভীষণ বিস্মিত হয়েছেন ব্ল্যাটার-কন্যা, ‘ফৌজদারি অভিযোগে তাঁকে অভিযুক্ত করায় আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আমার বাবা অপরাধী নন।’ গত ২৫ সেপ্টেম্বর সরকারি তদন্তকারীরা ব্ল্যাটারকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। সে সময় খুব খারাপ কিছুরই আশঙ্কা করেছিলেন কোরিন, ‘আমার ভয় হচ্ছিল, ওরা তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে।’ এএফপি।