সংশয় মুছে ফিরলেন মেসি

জাতীয় দলে আর নাও খেলতে পারেন—এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আগেই। এবার সাময়িক বিরতির পর জাতীয় দলে ফিরে লিওনেল মেসি জানিয়ে দিলেন, এখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। এখনো যে অনেক হিসাব-নিকাশ বাকি। নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে জাতীয় দলে প্রথমবারের মতো খেলবেন অধিনায়ক মেসি। বার্সেলোনার সাবেক কোচ মার্টিনো ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে প্রীতিম্যাচের জন্য মেসিকে দলে ডেকেছেন। তবে এবারও জায়গা হয়নি কার্লোস তেভেজের।
গ্রোয়েন ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে প্রীতিম্যাচটিতে খেলেননি মেসি। এর পরই গুঞ্জন রটে, মেসি নাকি জাতীয় দলে খেলার ক্ষুধা হারিয়ে ফেলেছেন। বিশেষ করে জাতীয় দলে ব্যর্থ হলে যে সমালোচনা হয়, সেটি নাকি আর নিতে পারছেন না। জার্মানির বিপক্ষে তাঁর না খেলা নিয়েও প্রশ্ন ওঠে। তবে মেসির বাবা এর আগেই এসব গুঞ্জন উড়িয়ে দেন। আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়, মেসি জাতীয় দলে কখন খেলবেন আর কখন খেলবেন না—এই সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ফেডারেশনের। এতে মেসির কোনো ভূমিকা নেই।
তেভেজেরও যেমন কোনো ভূমিকা নেই জাতীয় দলে ফেরার ব্যাপারে। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত খেলছেন। ফর্মের তুঙ্গে আছেন। মার্টিনো তাঁকে ফেরাবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু সেই ফেরাটা আর হলো না। ১০ অক্টোবর বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চার দিন পর খেলবে হংকংয়ের সঙ্গে। এএফপি।