সংশয়ের ইতি টেনে বার্সায় আরও পাঁচ বছর নেইমার

এবারের ইউরোতে খেলতে গিয়ে জেরার্ড পিকে কিংবা আন্দ্রেস ইনিয়েস্তাদের দিকে বারবার ছুটে গেছে একটা প্রশ্ন। প্রশ্নটা যাকে নিয়ে, তার সঙ্গে ইউরোর কোনো সম্পর্কই নেই! কিন্তু প্রশ্নটাও যেন অবধারিত ছিল। নেইমারের বার্সেলোনায় থাকা-না থাকা নিয়ে অনিশ্চয়তার মেঘ যে কালো করে এসেছিল। অনেক দিন ধরে ঝুলে থাকা চুক্তিটা ভেস্তে যাবে বলেই গুঞ্জন শোনা যাচ্ছিল। শুধু তা-ই নয়, বর্তমান মেয়াদের পুরোটাও নেইমার থাকবেন কি না, এমনও সংশয় ছিল।
কিন্তু সব সংশয়ের ইতি টেনে দিল বার্সা। আশ্বস্ত করলেন নেইমারও। বার্সায় আরও কমপক্ষে পাঁচ বছর থাকবেন এই ব্রাজিল তারকা। ২০২২ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করছেন ক্লাবের সঙ্গে। সেই চুক্তির মেয়াদ ভবিষ্যতে আবারও বাড়তেই পারে। এ সপ্তাহেই চুক্তি সই হয়ে যাবে দুই পক্ষের মধ্যে।
কর সংক্রান্ত নানা আইনি জটিলতা, আইন-আদালত নিয়ে তিতিবিরক্ত নেইমার ও তাঁর বাবা বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। তবে এটাই শুধু একমাত্র কারণ নয়। নেইমার আগের তুলনায় নাকি পাঁচগুণ বেশি বেতন চাইছিলেন বার্সার কাছ থেকে। তা হলে নেইমারের বেতন তো লিওনেল মেসির বেতনকেও ছাড়িয়ে যায়! শেষ পর্যন্ত এই বেতন এবং আরও কয়েকটি শর্ত নিয়েই দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলেছে। অবশেষে দুই পক্ষই পৌঁছাল সমঝোতায়।
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ বলেছেন, ‘নেইমার, তার পরিবার এফসি বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করব। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই এই তারকার ভবিষ্যৎ নিয়ে সব সংশয়ের অবসান হলো।’
তাতেও যদি গুঞ্জন অবশিষ্ট থাকে, তা মুছে গেছে এর পরপরই নেইমারের টুইটে, ‘স্বপ্নটা আরও দীর্ঘায়িত হচ্ছে। খুবই খুশি আমি। বার্সার জয় হোক, কাতালুনিয়ার জয় হোক!’
২০১৮ সালের জুনে নেইমারের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল। সাধারণত চুক্তির মেয়াদ শেষের এক দুই বছর আগেই দুই পক্ষ আলোচনায় বসে। অতীতে মেসির ব্যাপারেও তা-ই হয়েছে। বার্তেমেউ জানিয়েছেন, মেসি ও হাভিয়ের মাসচেরানোর চুক্তিও বাড়ানোর কথা ভাবছেন তাঁরা। ২০১৯ সালের জুনে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বার্সার। সূত্র: বিবিসি।