সংহতির ম্যাচে ফুটবলের জয়
ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন তরুণ ডেলে আলি, অনেক দিন পর গোলে ফিরলেন অধিনায়ক ওয়েইন রুনি। কিন্তু ম্যাচ শেষে এ নিয়ে এই দুজনেরও কোনো উচ্ছ্বাস নেই। ফ্রান্সের সঙ্গে প্রীতি ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ২-০ গোলে, তাতেও ইংলিশ মিডিয়া যেন নির্বিকার। অবশ্য খেলা ছাপিয়ে ম্যাচ আয়োজনের উদ্দেশ্যই যেখানে মানবতার গান গাওয়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষের সংহতির পতাকা উঁচিয়ে ধরা, সেখানে জয়-পরাজয়ের আর গুরুত্ব কী!
মঙ্গলবার ম্যাচটি শুরু হওয়ার আগে ওয়েম্বলি স্টেডিয়ামজুড়ে ছিল একটিই সুর। দুই দলের খেলোয়াড়, সমর্থক, এমনকি মাঠে উপস্থিত ইংল্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং প্রিন্স উইলিয়াম—সবাই একসঙ্গে কণ্ঠ মেলালেন ফ্রান্সের জাতীয় সংগীত ‘লা মার্সেইয়েজে’। চার দিন আগে প্যারিসে ঘটে যাওয়া নারকীয় হামলার বিরুদ্ধে যেটি ভ্রাতৃত্ববোধের অনন্য প্রদর্শনীই হয়ে রইল। ম্যাচের দ্বিতীয়ার্ধে সমর্থকদের করতালির অভিবাদনে মাঠে নেমেছিলেন প্যারিসের হামলায় বোন হারানো ফ্রেঞ্চ মিডফিল্ডার লাসানা দিয়ারাও। এ যেন ফুটবল ম্যাচের মধ্য দিয়ে সুতীক্ষ্ণ বার্তা পৌঁছে দেওয়া, অপশক্তি যতই বিষ ছড়ানোর চেষ্টা করুক, দিন শেষে জয়ীর বেশে থাকবে মানবতাই।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকেও নাড়া দিয়ে গেছে এই ‘স্বাধীনতা’র জয়গান। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বললেন, ‘হতবিহ্বল এ মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, যেটি আমাদের মনোবল বাড়িয়ে দিচ্ছে। হৃদয় দিয়ে এটা উপলব্ধি করছি আমরা।’
এমন ‘সংহতি’র গান গাওয়ার কথা ছিল ইউরোপের আরও কয়েকটি স্টেডিয়ামে। সম্ভব হয়নি নিরাপত্তাশঙ্কার কারণে। সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জার্মানির হ্যানোভারে জার্মানি-হল্যান্ড ম্যাচটি বাতিল হয়ে গেছে। একই পরিণতি পেয়েছে ব্রাসেলসে বেলজিয়াম-স্পেন ম্যাচটিও। প্যারিসে হতাহতদের প্রতি সম্মান দেখিয়ে ফ্রান্সের জাতীয় সংগীত গাওয়ার পরিকল্পনা ছিল দুটি ম্যাচেই। এএফপি।