সইতে না পেরেই পিকের অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত! রীতিমতো অসহ্যই লাগছে পিকের। একশ্রেণির স্প্যানিশ সমর্থকের সমালোচনা তাঁর সহ্যশক্তি কেড়ে নিয়েছে। আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের পর তাই ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দিনক্ষণই জানিয়ে দিলেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর স্পেনের জার্সি আর গায়ে তুলবেন না তিনি।

পিকে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন। অনেকবারই নানা কারণে পরিণত হয়েছেন একশ্রেণির সমর্থকদের লক্ষ্যবস্তুতে। কিন্তু আলবেনিয়া ম্যাচে যে শুধু ফুলহাতা জার্সির হাতা কেটে ছোট করার জন্য সমালোচনার মুখে পড়তে হবে, সেটা তিনি ভাবতেও পারেননি। অনেক সমর্থকের দাবি, জার্সির হাতের ওই অংশটায় স্পেনের পতাকার ছবি থাকে। পিকে নাকি স্পেনকে ‘অসম্মান’ করতেই জার্সির হাতা কেটেছেন! কারণ তিনি শুরু থেকেই কাতালানদের স্বাধীনতার পক্ষে কথা বলে আসছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে এমনিতেই চক্ষুশূল তিনি। তার ওপর স্বাধীন কাতালুনিয়ার পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ায় সমর্থকদের অনেকেই মহা খাপ্পা তাঁর ওপর।

পুরো ব্যাপারটায় ত্যক্তবিরক্ত হয়েই জাতীয় দল ছাড়ার দিনক্ষণ ঠিক করে ফেললেন স্পেন ডিফেন্ডার, ‘আমি সব রকম চেষ্টা করেছি। কিন্তু আর এগুলো নিতে পারছি না। আজকে এই জার্সির হাতা কাটার ইস্যুটা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।’ বার্সেলোনা ডিফেন্ডার এটাও বলেছেন, ‘আবেগের বশে হঠাৎ করেই নেওয়া কোনো সিদ্ধান্ত এটি নয়। এটি নিয়ে আমি অনেকে ভেবেছি। আমি স্পেনের পক্ষে সব সময়ই সর্বোচ্চটা দিয়েছি। তবে আমি স্পেনের হয়ে ১০০তম ম্যাচটি খেলতে চাই। খেলতে চাই আগামী বিশ্বকাপ। বিশ্বকাপের পর আমি নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব।’

পিকেকে নিয়ে এই বিতর্কের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিন্তু তাঁর পাশেই দাঁড়িয়েছে, ‘জার্সির হাতা ছেঁটে ফেলা কোনো গর্হিত ব্যাপার নয়। অনেক খেলোয়াড়ই ফুলহাতা জার্সি ছেঁটে ছোট করে নিজেদের আরামের জন্য। ফুলহাতা জার্সিতে কখনোই স্পেনের পতাকা থাকে না। অতীতে সার্জিও রামোসের মতো ফুটবলারও একইভাবে নিজের আরামের জন্য জার্সির হাতা ছেঁটে মাঠে নেমেছেন।’ রয়টার্স।