
‘এই দলের সঙ্গে আগামী ২০-৩০ বছরের মধ্যে বাংলাদেশ আবার খেলার সুযোগ পাবে কি না সন্দেহ!’—কথাগুলো যখন বলছিলেন, বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামের চোখেমুখে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক রোমাঞ্চ। দলটি অস্ট্রেলিয়া, যাদের বর্তমান ফিফা র্যা ঙ্কিং ৬১। বাংলাদেশের চেয়ে ১০৯ ধাপ এগিয়ে। চারবার বিশ্বকাপে অংশ নিয়েছে। বর্তমানে এশিয়ার চ্যাম্পিয়ন। বিশ্বকাপ বাছাইপর্বে এই অস্ট্রেলিয়ার সঙ্গেই বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে আগামী ৩ সেপ্টেম্বর, পার্থে।
মামুনুলের উচ্ছ্বাস গোপন থাকল না, ‘আমি অস্ট্রেলিয়ায় খেলার জন্য এক্সাইটেড হয়ে আছি। এমন একটা দলের সঙ্গে খেলব যারা বর্তমানে এশিয়ার সেরা। ওদের সঙ্গে নিজেদের সেরাটা খেলতে পারলে আমাদেরই লাভ। কারণ ফুটবল-বিশ্বে সেভাবে বাংলাদেশকে কেউ চেনে না। ভালো পারফর্ম করতে পারলে সারা বিশ্ব চিনবে।’ ম্যাচটি খেলার আগে মালয়েশিয়ায় মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে ২৯ আগস্ট।
বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য কাল থেকে শুরু হয়েছে ফুটবলারদের চার দিনের সংক্ষিপ্ত আবাসিক ক্যাম্প। বাফুফে ভবনে ২৩ ফুটবলারই উপস্থিত। হঠাৎই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ডিফেন্ডার নাসিরউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন আমিনুর রহমান সজীব। বিকেলেই ঘণ্টা খানেক অনুশীলন করেছেন ফুটবলাররা।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে না। তবে পার্থে গিয়ে হারার আগেই হারও মেনে নিতে চাইবে না দল। গত ১৬ জুন কিরগিজস্তানে কিরগিজরা ঘাম ঝরিয়ে ছেড়েছিল সকারুদের। সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছেন মামুনুল, ‘কিরগিজস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া অনেক কষ্টে ২-১ গোলে জিতেছে। আমরা যদি অস্ট্রেলিয়ায় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি, ভালো কিছুই হবে। এমনভাবে খেলব যেন সারা জীবন ম্যাচটার কথা মনে থাকে।’ প্রস্তুতি-স্বল্পতাও মামুনুলের কাছে বড় ঘাটতি মনে হচ্ছে না, ‘আমরা খেলার মধ্যেই ছিলাম। এখানে লিগে খেলেছি, তার ওপর এএফসি কাপের প্লে-অফ বাছাইয়ের দুটি ম্যাচ শেখ জামাল খেলোয়াড়দের ভালো প্রস্তুতিরই সুযোগ দিয়েছে।’