সকারুদের জোর করবে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফর নিয়ে এখনো নিরাপত্তা সংশয় কাটেনি অস্ট্রেলিয়ার। তবে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) প্রধান নির্বাহী ডেভিড গ্যালপ গতকাল অস্ট্রেলিয়ার দৈনিক দ্য অস্ট্রেলিয়ানকে বলেছেন, ঝুঁকি নিয়ে বাংলাদেশে যেতে না চাইলে জোর করা হবে না কোনো ফুটবলারকে। যদিও অস্ট্রেলিয়ার কোচ পোস্তেকোগ্লু বলেছেন, অস্ট্রেলিয়া দলের কোনো ফুটবলারই বাংলাদেশ সফর থেকে অব্যাহতি চাননি।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা-শঙ্কাকে কারণ দেখিয়ে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে নেওয়ার জন্য অনেক দিন ধরেই এফএফএ ফিফা ও এএফসির কাছে দেনদরবার করছে। কিন্তু ফিফা তাদের দাবিটা বাতিল করে দেওয়ায় ১৪ নভেম্বর ঢাকাগামী বিমানে ওঠার কথা সকারুদের।
খেলাটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদনে এখনো সাড়া না দিলেও গ্যালপ খুশি যে ফিফা বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটা আমলে নিয়েছে, ‘আমরা শুরুতে জানিয়েছিলাম নিরপেক্ষ ভেন্যুই আমাদের অগ্রাধিকার। কিন্তু আমাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।’ সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফিফা তাদের দৃঢ় অবস্থান বদলেছে বলে মনে করেন এফএফএর প্রধান নির্বাহী, ‘দিন দুই হলো ফিফা বুঝতে পেরেছে যে এ বিষয়ে তাদের মনোযোগ দেওয়া উচিত। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কয়েকটি বিষয়ে আশ্বস্ত করেছে।’
অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে সফরকারী অস্ট্রেলীয়দের ‘অত্যন্ত সতর্ক’ থাকতে বললেও এখনো বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করেনি। গ্যালপের আশা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফিফা সফর নিয়ে বিস্তারিত তথ্য জানাবে অস্ট্রেলিয়াকে, ‘সব তথ্য পাওয়ার পরই আমরা এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফিফার কাছ থেকে আমাদের আরও তথ্য পাওয়ার কথা।’
ফিফা কিছু জানতে চেয়েছে কি না বা কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে কি না সে ব্যাপারে কাল জানতে চাওয়া হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কোনো মন্তব্য করতেই রাজি হননি। তথ্যসূত্র: দ্য অস্ট্রেলিয়ান।