নিরাপত্তাকে কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর কাল স্থগিত করে দিয়েছে। অস্ট্রেলিয়া ফুটবল দলও নিরাপত্তাকে কারণ দেখিয়ে আগামী ১৭ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে না-ও আসতে পারে। লক্ষণ সে রকমই।
ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে দুই বোর্ড। আইসিসির ভূমিকা না থাকায় বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া বোর্ড নিতে পেরেছে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু ১৭ নভেম্বরের ম্যাচটা ফিফার অধীনস্থ হওয়ায় সিদ্ধান্ত দেওয়ার মালিকও ফিফাই। ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ) সেই ফিফারই দ্বারস্থ হয়েছে।
অস্ট্রেলিয়ার পত্রপত্রিকায় দুই দিন আগে খবর বেরিয়েছিল, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে এফএফএও। কাল বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগের ব্যাপারটা ফিফা ও এএফসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এফএফএ। তারা বলেছে, ‘বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এফএফএ উদ্বিগ্ন এবং এটি নিয়ে আলোচনা অব্যাহত আছে দেশটির সরকারি সংস্থা ডিএফএটির (ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড) সঙ্গে।’
সোমবার গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক খুনের পরই আসলে পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে। ক্রিকেটের পর যার ছায়া এখন ফুটবলেও। তবে কোনো দেশ নিরাপত্তাশঙ্কা জানালেই যে ফিফা পরদিনই বলবে ‘ঠিক আছে তোমরা এসো না’ ব্যাপারটা এমন নয়। ফিফা সবকিছু খতিয়ে দেখবে, সংশ্লিস্ট ফেডারেশনের সঙ্গে কথা বলবে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত।
কোনো দেশ নিরাপত্তাশঙ্কা প্রকাশ করলে কী হবে তা অবশ্য স্পস্ট করে বলা নেই ফিফার ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাইলজে। তবে জরিমানার বিধান আছে, তাতে দেখা যায় কোনো প্রতিযোগিতার ড্র হওয়ার পর কোনো দল না খেললে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। এক ম্যাচ খেলে নাম প্রত্যাহার করলে ৪০ হাজার সুইস ফ্রাঁ, ম্যাচের এক মাস আগে না খেলার কথা জানালে আড়াই লাখ এবং এক মাসের কম সময়ে জানালে পাঁচ লাখ সুইস ফ্রাঁ জরিমানা।
এসব আলোচনায় কাল বাফুফে ভবন ছিল সরগরম। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিশ্বাস সকারুরা আসবে ঢাকায়, ‘আমরা তো ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। সব নিরাপত্তা দিতেও তৈরি। ওরা নিশ্চয়ই আসবে।’ সব রকম আশ্বাস দেওয়ার পরও না এলে? সালাউদ্দিন এবার বল ঠেললেন ফিফার কোর্টে, ‘ফিফাই সিদ্ধান্ত দেবে। তবে কেউ বললেই হবে না বাংলাদেশে নিরাপত্তা নেই, এটা আমরা মানব কেন!’
ম্যাচটা নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও অনেকে তুলে আনছেন সামনে। বাফুফে সভাপতি এবার কঠিন প্রতিক্রিয়াই দেখালেন, ‘তখন তো আমরাও বলতে পারি অন্য দেশে খেলব না। বিষয়টা এত সহজ নয় যে আমাদের বললেই সুড়সুড় করে আরেক দেশে খেলতে চলে যাব।’
নিরাপত্তা-সংক্রান্ত আলোচনাটা ক্রমেই লম্বা হচ্ছে। এ মাসেই শেখ কামাল টুর্নামেন্টে খেলতে বাংলাদেশে আসার আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল কলকাতা ইস্ট বেঙ্গলও। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেলেই নাকি তারা বাংলাদেশে আসবে!