সকারুরা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার সময়ই গুঞ্জনটা উঠেছিল। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো অস্ট্রেলিয়া ফুটবল দল? এ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন বাফুফের কর্মকর্তারাও। নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ) গত মাসে এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) সঙ্গে আলোচনাও করে। তবে কাল সব শঙ্কা দূর করে দিয়েছে বাফুফেকে পাঠানো এফএফএর একটি ই-মেইল। বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার ফুটবল দল। সব ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর রাতে ঢাকায় আসার কথা তাদের।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত শনিবার আমরা এফএফএর কাছে জানতে চেয়েছিলাম কবে নাগাদ ঢাকায় খেলতে আসবে অস্ট্রেলিয়া দল, কারা কারা আসবে...। তালিকা না পাওয়ায় ভিসা আমন্ত্রণপত্র ইস্যু করতে পারছিলাম না। আজ (কাল) ওরা মেইলের জবাবে জানিয়েছে, ১৪ নভেম্বর রাতে দল ঢাকায় আসতে পারে। বিমানের সূচির ওপর অস্ট্রেলিয়ার আসাটা নির্ভর করছে। এফএফএ ৭২ সদস্যের একটা তালিকাও পাঠিয়েছে।’ অস্ট্রেলিয়া দলের জন্য এর মধ্যে হোটেলও বুক করে ফেলেছে বাফুফে। সরকার থেকে বাফুফেকে জানানো হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে অস্ট্রেলিয়া দলকে।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি। এর আগে ৩ সেপ্টেম্বর পার্থে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।