সতর্ক থেকেই সিঙ্গাপুরের সামনে
অনুশীলনের তখন বিরতি। দৌড়ে মাঠের পাশে এসে পানি খেল কৃষ্ণা সরকার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক বোতল থেকে খানিক পানি ছিটিয়ে দিল মার্জিয়ার চুলে। নিখাদ খুনসুটি। বাফুফের টার্ফে কাল দুপুরের অনুশীলনে বাংলাদেশের মেয়েদের খুব চনমনে দেখাল।
পরশু শক্তিশালী ইরানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্যতম বিপজ্জনক দলটিকে হারাতে পেরে অনেকটাই নির্ভার মেয়েরা। নির্ভার কোচ গোলাম রব্বানী ছোটনও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। টানা দ্বিতীয় ম্যাচ জয়ের আশা নিয়েই মাঠে নামবে কৃষ্ণা-মার্জিয়ারা।
সিঙ্গাপুর প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। দুই দলের প্রথম ম্যাচের বিচারে এগিয়ে বাংলাদেশই। তারপরও সিঙ্গাপুরকে নিয়ে সতর্ক ছোটন, ‘গ্রুপের প্রতিটি দলকেই সমীহ করছি। তবে প্রতিপক্ষ যারাই হোক না কেন, মেয়েরা শতভাগ উজাড় করেই খেলবে।’
পরশু সিঙ্গাপুর-আরব আমিরাত ম্যাচটি মাঠে বসে দেখেছেন ছোটন। ওই ম্যাচে সিঙ্গাপুরের মিডফিল্ডার নূর সাইয়াজওয়ানি ও ফরোয়ার্ড পুতরি নূর সাইলিজা যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ডি-বক্সে। এ দুজনের ওপর আজ তাই বাড়তি নজর দিতে হবে বাংলাদেশ দলকে।

গতবারের চ্যাম্পিয়ন ইরানকে হারিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না ছোটন, ‘ইরান ম্যাচটি জয়ের আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। ম্যাচ জেতার পর মেয়েদের বলেছি, ওয়ার্ম ডাউন করো, আর কিছু না। লম্বা পথ পাড়ি দিতে হবে আমাদের। মাত্র একটা ম্যাচই তো জিতেছি।’
ফিফা র্যা ঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১০৩, বাংলাদেশ ১২১। তারপরও বাংলাদেশকে ফেবারিট বলছেন সিঙ্গাপুরের কোচ চেন কাই ইং। বাংলাদেশের সঙ্গে ড্র করাটাই তাঁর কাছে ভালো ফল বলে বিবেচিত হচ্ছে, ‘মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছি। ওরা খুব শক্তিশালী দল। ওদের ৭ নম্বর (সানজিদা) ও ৯ নম্বর (স্বপ্না) যথেষ্ট ভালো খেলে। আমরা রক্ষণাত্মক খেলে ১ পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ দলে খেলছে ময়মনসিংহের কলসিন্দুরের নয় ফুটবলার। এই মেয়েদের স্কুলপর্যায়ের কোচ মফিজ মনজু ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছেন খেলা দেখতে। কাল দূরে দাঁড়িয়ে সানজিদাদের অনুশীলন দেখেছেন মনোযোগ দিয়ে। মেয়েরা জিতলেও ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামটির কেউই নাকি খেলা দেখতে পারেনি! মফিজের কণ্ঠে আফসোস, ‘এলাকার লোকজনকে রেজাল্ট জানাতে জানাতে দুটি ফোনের চার্জ শেষ হয়ে গেছে।’
এলাকায় ডিশের কেব্ল নেই। কলসিন্দুরের মানুষ খেলা দেখেছেন পাশের গ্রাম রানীপুরে, বাংলাদেশ দলের ডিফেন্ডার শামসুন্নাহারের চাচার বাড়িতে।
মেয়েদের খেলায় মুগ্ধ মফিজ, ‘ওরা ভালো খেলবে জানতাম। কিন্তু এত ভালো খেলবে ভাবিনি।’
গোলরক্ষক মাহমুদা, তাসলিমা ও রুকসানাকে অনুশীলন করিয়েছেন জাতীয় দলের গোলরক্ষক কোচ রায়ান স্যানফোর্ড। ইরানের সঙ্গে ম্যাচে গোলরক্ষক মাহমুদার বলতে গেলে কোনো পরীক্ষাই হয়নি। কিন্তু ভবিষ্যতের জন্যই এদের প্রস্তুত করে তুলতে চান কোচ, ‘কাল গোলরক্ষককে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। কিন্তু কে জানে পরের ম্যাচে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে না সে! এ জন্য ওদের কিছু টিপস দিলাম।’
মেয়েদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন কর্মকর্তারা। অনুশীলনের পর তাই এক দৌড়ে বাফুফে ভবনের চারতলার ক্যাম্পে ছুটল তহুরা-মারিয়ারা। উল্লাসটা তারা নিশ্চয়ই জমিয়ে রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
আজকের খেলা
ইরান-কিরগিজস্তান (বেলা ১১টা)
তাইপে-আরব আমিরাত (বেলা ৩টা)
বাংলাদেশ-সিঙ্গাপুর (সন্ধ্যা ৬টা)
(বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা)