সতর্ক শেষ প্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন শেষ। অ্যাস্ট্রো টার্ফ ছেড়ে ফুটবলারদের অনেকে দৌড়ে উঠলেন ফুটবল ভবনের চারতলায়। কিন্তু মাঠ ছাড়ার কোনো লক্ষণই দেখা গেল না চার গোলরক্ষকের মধ্যে। শহীদুল আলম সোহেল, রাসেল মাহমুদ লিটন, মাজহারুল ইসলাম হিমেল ও আশরাফুল ইসলাম রানারা একটু আগেই মাঠের এক পাশে স্কিপিং করেছেন। প্রধান কোচ ফাবিও লোপেজ অন্যদের ছুটি দিলেও নতুন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন চারজনকে নিয়েই ব্যস্ত রইলেন। গোলরক্ষকেরা এবার যেন একটু বেশিই সতর্ক।

বিশ্বকাপ বাছাইয়ের গত পাঁচটি ম্যাচে বাংলাদেশের জালে ঢুকেছে ১৫ গোল। পার্থে এক ম্যাচেই ৫ গোল দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ম্যাচে গোলরক্ষকদের ওপর দিয়েই যে সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় তা না বললেও চলে। এই পাঁচ ম্যাচের দুটিতেই গোলবার আগলেছেন সোহেল। চোটের কারণে জর্ডানের ম্যাচে ছিলেন না। এবার দলে ফিরে পেছনের ম্যাচগুলোর দুঃস্মৃতি ভুলে যেতে চান। সোহেল সেটি এবার ভুলতে চান তাজিকিস্তানের বিপক্ষে জয় দিয়েই, ‘আমাদের লক্ষ্যই থাকবে ৩ পয়েন্ট নেওয়া। সেখানে জেতার জন্যই যাব।’

তবে জয় যে সহজ হবে না সোহেল সেটি জানেন। ম্যাচটি হবে দুশানবের সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে। এই মাঠটাই সোহেলের দুশ্চিন্তার কারণ, ‘ওখানে টার্ফে খেলা হবে। আমি টার্ফের মাঠে কখনো খেলিনি। এ জন্য একটু ভয় হচ্ছে।’ মাঠ তো আছেই, তাজিকিস্তানের ঠান্ডাটাও বড় একটা বাধা। যদিও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ছয় দিন আগেই ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন সোহেল। লিটনই তাঁর মূল প্রতিদ্বন্দ্বী। সদ্য সমাপ্ত শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টজয়ী চট্টগ্রাম আবাহনীর হয়ে দারুণ করেছেন লিটন। এই দুজনের মধ্যে লোপেজের প্রথম পছন্দ কে হচ্ছেন, এটা তাই বলা যাচ্ছে না। লিটন এই ‘সুস্থ প্রতিদ্বন্দ্বিতা’ উপভোগই করেন, ‘এটা থাকলেই বরং ভালো। নিজেদের সেরা খেলাটা মাঠে দেওয়ার চেষ্টা থাকে সব সময়।’

গত সেপ্টেম্বরে জার্মানি চলে গেছেন জাতীয় দলের গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি থাকলেও মাত্র সাড়ে তিন মাস দায়িত্ব পালন করেছেন। লোপেজ দায়িত্ব নেওয়ার পর তিনি নাকি ঢাকায় আসতে আগ্রহ দেখাচ্ছেন না। এ জন্যই নয়নকে গত ২৮ অক্টোবর থেকে দায়িত্ব দিয়েছে বাফুফে। তাঁর সঙ্গে চুক্তি মার্চ মাস পর্যন্ত।

গোলরক্ষক কোচ নয়ন এসে বড় একটা সমস্যা খুঁজে পেয়েছেন গোলরক্ষকদের, ‘ক্রস থেকে হেডে উড়ে আসা বল ধরার ক্ষেত্রে গোলরক্ষকদের পজিশন অনেক সময় ঠিক থাকে না। অনেকে বল ধরার জন্য অপেক্ষায় থাকেন। আবার ফ্রি-কিক থেকে আসা বল যে জায়গায় দাঁড়িয়ে ধরা উচিত, দেখা যায় সেখানে থাকেনই না গোলরক্ষকেরা।’ বাংলাদেশের গোলরক্ষকদের এই সমস্যা তো পুরোনো। শোয়েচলারও বলে গেছেন। নয়ন তাঁর পর্যবেক্ষণে নতুন কী খুঁজে পেলেন প্রশ্ন সেটাই।

শোয়েচলারকে অবশ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানালেন, ‘আমরা দুই-এক দিনের মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করব। অনুরোধ করব যেন চুক্তির মেয়াদটা শেষ করেন তিনি।’