সতীর্থ এনরিকে এখন মেসির কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ এনরিকে এখন মেসির গুরু।
সতীর্থ এনরিকে এখন মেসির গুরু।

লিওনেল মেসির উত্থানপর্বের গল্প শোনা হয়েছে বহুবারই। তবে হয়তো জানা নেই, আর্জেন্টিনা অধিনায়কের বেড়ে ওঠার পেছনে অবদান রয়েছে বার্সেলোনার বর্তমান কোচ লুইস এনরিকেরও। এ তথ্য জানিয়েছেন মেসি নিজেই।

সম্প্রতি বার্সার ওয়েবসাইটে মেসির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মেসি বলছেন, সতীর্থ থাকার সময় বর্তমান গুরুর সহায়তার কথা।

২০০৩-০৪ মৌসুমে পোর্তোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে বার্সা কোচ ফ্রাঙ্ক রাইকার্ড ‘বি’ দল থেকে এক তরুণকে বেছে নিয়েছিলেন। নাম তাঁর লিওনেল মেসি। তখন প্রধান দলে নিয়মিত খেলেন এনরিকে। খেলোয়াড়ি জীবনে ওটাই ছিল বার্সায় এনরিকের শেষ মৌসুম। ম্যাচ চলাকালে একপর্যায়ে মেসিকে ডিফেন্স চেরা পাস দিয়েছিলেন এনরিকে। দারুণ এক চেষ্টা চালিয়েও গোল করতে পারেননি কিশোর মেসি। ওই ম্যাচে মেসির মতো খেলেছিলেন আরও তিন নতুন খেলোয়াড়।

পোর্তোর বিপক্ষে সেই প্রীতি ম্যাচে এনরিকে (বামে) ও মেসি (ডানে)।
পোর্তোর বিপক্ষে সেই প্রীতি ম্যাচে এনরিকে (বামে) ও মেসি (ডানে)।


পরে তরুণ মেসি বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে সে ম্যাচ স্মরণ করেছিলেন এভাবে, ‘দলে লুইস এনরিকে, জাভি (হার্নান্দেজ), (রাফায়েল) মার্কেজের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল। পরবর্তী সময়ে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে খেলাটা অসাধারণ। তারা সবাই দলকে সহায়তা করেছে, বিশেষ করে গাবরি (গার্সিয়া), এনরিকের মতো অভিজ্ঞরা। যখন প্রথম বার্সার প্রধান দলে সুযোগ পেলাম তখন যে কজন আমাকে ভীষণ সহায়তা করেছেন, তার মধ্যে লুইস এনরিকে অন্যতম।’ ভিডিওটি অবশ্য অনেক আগের। এনরিকে কোচ হওয়ার পর অতিসম্প্রতি বার্সার ওয়েবসাইট পোস্ট করা হয়েছে এটি। সূত্র: এফসিবার্সেলোনা ডট কম ও ওলে।