মেসির চেয়ে রোনালদো বেশি ‘মিশুক’

সতীর্থ হিসেবে দুজনের মধ্যে পার্থক্য দেখছেন আর্থুর।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনহেল দি মারিয়া, আন্দ্রে গোমেজ, গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা, নেলসন সেমেদো, কার্লোস তেভেজ, ডেকো, জেরার্ড পিকে, এজেকিয়েল গ্যারায়, মার্টিন ক্যাসেরেস, হেনরিক লারসন, ফের্নান্দো গাগো, গ্যাব্রিয়েল হাইন্সা।

একনজরে নামগুলো পড়ে যান। কোনো মিল চোখে পড়ে কি? ঘাবড়াবেন না, মিল খুঁজে না পেলে আপনাকে শূলে চড়ানো হবে না। তবে ফুটবল খেলাটা যাঁরা গভীর মনোযোগের সঙ্গে দেখেন, তাঁদের কাছে মিলটা চোখে পড়বেই। ওপরের তালিকার প্রত্যেক খেলোয়াড়ই ক্লাব কিংবা আন্তর্জাতিক পর্যায়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—উভয়ের সতীর্থ হতে পেরেছেন। এই তালিকার সর্বশেষ সংযোজন হয়েছেন ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার আর্থুর মেলো। ব্রাজিলের এই তারকা গত মৌসুমেও লিওনেল মেসির সতীর্থ ছিলেন বার্সেলোনায়। ক্লাবের আর্থিক সংগতি ফেরাতে এই মৌসুমেই একরকম নিজের ইচ্ছার বিরুদ্ধে যোগ দিয়েছেন জুভেন্টাসে। সেখানে গিয়েও আরেক মহারথীকে পেয়েছেন সতীর্থ হিসেবে—ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যোগ দিয়েই নতুন এই সতীর্থের একটা গুণ বেশ নজর কেড়েছে তাঁর। কী সেটা?

আর্থুরের কাছে মেসির চেয়ে রোনালদোকে অনেক বেশি মিশুক বলে মনে হয়েছে। এমন একজন মনে হয়েছে, যাঁর কাছে যেকোনো প্রয়োজনে যেকোনো সময়ে সতীর্থরা নির্দ্বিধায় যেতে পারে। আগপিছ চিন্তা না করেই। রোনালদোও নিজের সদর দরজাটা সতীর্থদের জন্য খোলা রাখেন সব সময়। আর এটাতেই মুগ্ধ হয়েছেন আর্থুর। তাঁর কাছে মনে হয়েছে, এমনটা তো মেসিও করেন না!

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে আর্থুর বলেছেন, ‘মেসির তুলনায় রোনালদো অনেক বেশি মিশুক। কোনো সতীর্থের প্রয়োজনে রোনালদো কখনো হাত গুটিয়ে বসে থাকে না। সতীর্থের প্রয়োজনে সব সময় সবার আগে এগিয়ে আসে রোনালদো।’

রোনালদোর অতি-অনুশীলনের বিষয়টাও অনুপ্রাণিত করে আর্থুরকে, ‘ও একদম পশুর মতো অনুশীলন করে। বিরতি কী, ও সেটা জানে না। ও সব সময় আপনাকে আপনার সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করে যাবে। আমি জুভেন্টাসে আসার পর থেকে আমাকে সবচেয়ে বেশি ও-ই সাহায্য করেছে, কারণ আমরা একই ভাষায় কথা বলি।’

মেসি রোনালদোর চেয়ে কম মিশুক, মনে করেন আর্থুর।
ছবি: রয়টার্স

কিন্তু মেসি ও রোনালদোর মধ্যে খেলোয়াড় হিসেবে কে সেরা, ওই তর্কে যেতে চাননি আর্থুর। নিজের সাবেক সতীর্থ ও বর্তমান সতীর্থকে রেখেছেন সমান্তরালে, ‘ওরা দুজনই চ্যাম্পিয়ন। প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা একদম সমানে-সমান। ওরা যদি তিনটা গোলও করে, সঙ্গে সঙ্গে চার নম্বর গোলটা কীভাবে করা যায়, সেটা নিয়ে ভাবা শুরু করে দেয়।’