সতীর্থদের ঝামেলায় ফেলেছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

ভীষণ ঝামেলায় পড়েছেন ইভান রাকিটিচ। তিনি তো আর কবি-লেখক নন। এমনিতে লেখাটেখাও খুব একটা আসে না। কিন্তু তার পরও নিয়মিতই লিখতে হচ্ছে। না, গল্প-উপন্যাস নয়। কম্পিউটার কিংবা খাতাতেও নয়। লিখছেন বলের ওপর। কিন্তু এই লিখতে গিয়েই যত ঝামেলা। নতুন আর কী যে লিখবেন ভেবেই পাচ্ছেন না!
হ্যাটট্রিক করার পর সেই ম্যাচের হ্যাটট্রিক বলটা রেখে দেন লিওনেল মেসি। এরপর সেই বলের ওপর সতীর্থদের মন্তব্য লিখে নেন। এটাই বার্সেলোনার অলিখিত রেওয়াজ। তা লিখতে সতীর্থদের আপত্তি নেই। কিন্তু ‘সমস্যা’ অন্যখানে। যখন চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই কেউ হ্যাটট্রিক করে, তখন নতুন কিছু লেখা সতীর্থদের জন্য কঠিন। ভাষা সংকটে পড়েছেন সেভিয়া থেকে বার্সায় নাম লেখানো রাকিটিচও।
কালকের ম্যাচের পর ক্রোয়াট মিডফিল্ডার বলেছেন, ‘লিওর হ্যাটট্রিক বলে লেখার মতো আর কিছুই খুঁজে পাই না। জানি, একই কথাই আবার বলতে হবে, তবুও বলি, ও অনন্য। এও জানি, ও শিগগিরই আরেকটা বল এনে দিয়ে বলবে কিছু লিখতে, জানি না এরপর কী লিখব!’
রাকিটিচ এই দাবিও করেছেন, এ বছর ব্যালন ডি’অর মেসিরই প্রাপ্য, ‘ও যা করে সত্যিই বিস্ময়কর। আমাদের সবার উচিত ওকে গোল করতে সাহায্য করা। ও বিশ্বের সেরা খেলোয়াড়, সর্বকালেরও সেরা। মেসি যেভাবে খেলে, আমরা শুধু সেটা উপভোগ করে যেতে পারি। আমি মনে করি, সে-ই এবার ব্যালন ডি’অর জিতবে।’
রাকিটিচ মেসির সতীর্থ হয়েছেন খুব বেশি দিন হয়নি। তাতেই এই ‘ঝামেলা’য় পড়েছেন। তাহলে জেরার্ড পিকের কথা ভেবে দেখুন। মেসিকে তো তিনি সেই বাল্যকাল থেকে চেনেন। মেসি সম্পর্কে তাঁকে বলে আসতে হচ্ছে কত দিন ধরে! রাকিটিচই যদি ভাষার সংকটে পড়েন, পিকেদের তাহলে কী অবস্থা?
পিকে বলছেনও, ‘মেসিকে বর্ণনা করতে পারে এমন কোনো শব্দই নেই। ও আমাদের এত কিছু দিয়েছে, আবারও বলছি, ও যা কিছু করেছে সেটা বোঝায় এমন ভাষা তৈরিই হয়নি।’