সতীর্থের গায়ে রোনালদোর থুতু, ইচ্ছাকৃত না ভুল করে?
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য গত রাতটি ছিল হতাশার। নিজেদের মাঠে এগিয়ে গিয়েও সাউদাম্পটনের সঙ্গে ড্র করতে হয়েছে ইউনাইটেডকে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল আরও হতাশার। দুর্দান্ত এক হেড থেকে করা তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ম্যাচ শেষে হয়তো এই হতাশা থেকেই মাঠ থেকে বেরোনোর সময় একটু বেখেয়ালি হয়ে পড়েছিলেন রোনালদো। কোনো দিকে না তাকিয়ে তাঁর ফেলা থুতু গিয়ে পড়েছে সতীর্থ অ্যান্থনি এলাঙ্গার গায়ে।
ম্যাচ শেষে ইউনাইটেডের খেলোয়াড়েরা যখন হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন, বিটি স্পোর্টসের ক্যামেরা তাক করা ছিল রোনালদোর দিকে। তাঁর পাশাপাশি হেঁটেই মাঠ ছাড়ছিলেন এলাঙ্গাও। বিটি স্পোর্টসের প্রকাশ করা ফুটেজে দেখা যায়, আনমনে টানেলের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎই থুতু ফেলেন রোনালদো। থুতু ফেলার সময় রোনালদো তাঁর ডানে থাকা এলাঙ্গার দিকে তাকানওনি। কিন্তু তাঁর সেই ‘নো–লুক’ সেই থুথু গিয়ে পড়েছে এলাঙ্গার জার্সিতে। এলাঙ্গাকে দেখে মনে হয়েছে, সেটি তিনি খেয়ালই করেননি।
বিষয়টি নিয়ে এলাঙ্গার কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উৎসাহের কমতি নেই! আর ফুটবল বিশ্বে রোনালদো–বিরোধীদের সংখ্যাও তো কম নয়! সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘আমি নিশ্চিত যে এলাঙ্গার গায়ে রোনালদোর থুতু ফেলার বিষয়টি এফএ দেখেছে।’ এরপর তিনি যোগ করেন, ‘হোক এটা অনিচ্ছকৃত, এর শাস্তি হবে বলেই আশা করছি আমি।’
আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অবশ্য রোনালদো–বিদ্বেষ প্রকাশ করেছেন অন্যভাবে, ‘এর ব্যাখ্যা চাওয়া প্রয়োজন যে রোনালদো কি ইউনাইটেড বাজে খেলেছে বলেই অ্যান্থনি এলাঙ্গাকে থুতু মেরেছেন?’ কেউ কেউ তো আবার সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে রোনালদো এটা ইচ্ছাকৃতভাবেই করেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি দেখেননি রোনালদো ম্যাচ শেষে এলাঙ্গার দিকে থুতু ছুড়েছে?’ আরেকজন লিখেছেন, ‘হায়, হায়! রোনালদো তাঁর নিজের সতীর্থকেই থুতু দিলেন।’
কেউ কেউ আবার রোনালদোর পক্ষেও কথা বলেছেন। এটা যে বেখেয়ালেই হয়েছে, তাঁরা বোঝাতে চেয়েছেন সেটিই। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমার কাছে মনে হয় এটা ক্যামেরা ধরার অ্যাঙ্গেলের কারণে এমন দেখাচ্ছে যে রোনালদো এলাঙ্গার গায়ে থুতু মেরেছেন। আসলে রোনালদো এটা করেননি।’ আরেকজনের কথা, ‘স্পষ্ট করে দেখলে বোঝা যায়, রোনালদো এলাঙ্গার গায়ে থুতু দেননি, তিনি বেখেয়ালে থুতু ফেলেছেন এবং তা দেখেই মনে হচ্ছে এলাঙ্গার দিকে থুতু দিয়েছেন।’