সতীর্থের প্রেমিকা ছিনতাই করেছেন রোনালদো!

বিষয়টি যা দাঁড়িয়েছে, একে ‘এক ফুল দো মালি’-তত্ত্ব, নাকি রুপালি পর্দার জমজমাট ত্রিভুজ প্রেমের গল্প বলা যায়? প্রশ্নটা হচ্ছে, লুসিয়া ভিয়ালোন কার প্রেমিকা? ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি হাভিয়ের হার্নান্দেজের? একে প্রেমের গল্প বলাটাও কঠিন। বরং খবর যা মিলছে, তাতে এতটাই জট পাকানো, প্রেমের বদলে রহস্য উপন্যাস বললেও অত্যুক্তি হবে না। আর সে উপন্যাসের সম্ভাব্য নাম হতে পারে, ‘প্রেমিকা ছিনতাই’!
বিষয়টি এমন পেঁচিয়ে গিয়েছে, উৎস বের করা মুশকিল! ফেলুদা–হোমসরাও ঘোল খেয়ে যেতেন। জানুয়ারির শুরুর দিকে জানা গেল, ইরিনা শায়াকের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর রোনালদোর জীবনে এসেছে নতুন প্রেমিকা। নাম ভিয়ালোন। রিয়াল মাদ্রিদ টেলিভিশনের সাবেক এ সাংবাদিক ব্যালন ডি’অর অনুষ্ঠানের সময় জুরিখেই ছিলেন। এরপর মাদ্রিদে ফেরার পথে বিমানে সিআর সেভেনের সঙ্গে ছবি-টবি তুলে টুইটারে পোস্টও করেন। এর পর থেকেই বাতাসে জোর গুঞ্জন, রোনালদো পেয়ে গেছেন নতুন প্রেমিকা।
বিষয়টা এখানে শেষ হলোই চলত। কিন্তু তা হচ্ছে কোথায়? ওই যে বলা হলো ‘রহস্য’...। সম্প্রতি ভিয়ালোনের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়ালে আসা হার্নান্দেজকে। দুজনের একটি আবেগঘন ছবি ছেপেছে স্প্যানিশ ম্যাগাজিন ‘হোলা’ও। হার্নান্দেজ নাকি প্রত্যাশা করেছিলেন ভিয়ালোন যেন তাঁকে নিতে আসেন বিমানবন্দরে। বিমানবন্দরে দুজনকে যেভাবে ‘ঘনিষ্ট’ অবস্থায় দেখা গেছে, তাতে দুজনকে ‘স্রেফ বন্ধু’ বলাটা কঠিনই।
রোনালদো-ভিয়ালোন-হার্নান্দেজ-এই ত্রিভুজ সম্পর্কটাকে চতুর্ভুজ মাত্রা দিচ্ছেন আরেকজন। তিনি লেতি শাহারান, হার্নান্দেজের মেক্সিকান প্রেমিকা। যাকে এখনো ‘সাবেক প্রেমিকা’ বলাও যাচ্ছে না। গত চার ম্যাচের তিনটাতেই হেরে বসা রিয়াল মাদ্রিদের মতোই দলের দুই তারকার প্রেমের আসল অবস্থাও মনে হচ্ছে জট পাকানো! বিষয়টি গোলমেলে বটে! তথ্যসূত্র: মিরর।