সত্যিই জীবন দিয়ে খেললেন তিনি

স্বপ্ন ছিল অবসর নেওয়ার পর প্রিয় দলের গোলরক্ষক কোচ হবেন। কখনো অন্য কোনো দলের হয়ে খেলেননি, নিজের ক্লাব পেরসেলা এফসির হয়ে খেলেছেন ছয় শতাধিক ম্যাচ। ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের লিগে সেমেন পেদাংয়ের বিপক্ষে ম্যাচেও মাঠে নেমেছিলেন পেরসেলা এফসির অধিনায়ক ও গোলরক্ষক ছইরুল হুদা। ২-০ গোলে জিতে দল মাঠ ছেড়েছে, কিন্তু তা দেখা হলো না ছইরুলের। মাঠেই মৃত্যুবরণ করেছেন ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক।
বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্রাজিলীয় ক্লাব সতীর্থ র্যামন রদ্রিগেজের সঙ্গে ধাক্কা লাগে ছইরুলের। দলের ফিজিও সাইডলাইনে তাঁর শুশ্রূষা করেছেন। সে সময় শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা জানান। দ্রুত সোয়েগিরি ল্যামোনগান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে প্রায় এক ঘণ্টা যাবৎ তাঁকে বাঁচানোর চেষ্টা করেছেন চিকিৎসকদের একটি দল। ধাক্কার ফলে বুকে ও নিচের চোয়ালে আঘাত পান তিনি। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে হাইপোক্সিয়া ও হার্ট অ্যাটাকের উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ল্যামোনগানেই জন্ম ছইরুলের। সারা জীবন খেলেছেন এই ক্লাবে। ভক্তরা নাম দিয়েছিলেন ‘ওয়ান ম্যান ওয়ান ক্লাব ওয়ান লাভ’। সরকারি চাকরিও করতেন দুই সন্তানের বাবা ছইরুল। কিন্তু আবেগ ও ভালোবাসার জায়গায় ছিল প্রিয় ক্লাব। আমৃত্যু এই ক্লাবের সমর্থক ও খেলোয়াড় হয়ে রইলেন। তাঁর মৃত্যুতে ভক্তেরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছে।
ইন্দোনেশিয়ার ফুটবল লেখক অ্যান্টনি সাটন মাস কয়েক আগে কথা বলেছিলেন তাঁর সঙ্গে। তাঁর মৃত্যুতে সাটন বলেন, ‘সে তাঁর এলাকার দলের হয়ে খেলত, এটাই ছিল তাঁর স্বপ্নের জীবন। এই ক্লাবের সে একজন কিংবদন্তি খেলোয়াড়। অবসরের পর ক্লাবের গোলরক্ষক কোচ হতে চেয়েছিল সে...।’ সূত্র: বিবিসি স্পোর্টস।