সত্যিই ঝগড়া হয়েছিল মেসি-এনরিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও এনরিকে।
মেসি ও এনরিকে।

কোচের সঙ্গে লিওনেল মেসির ঝগড়া নিয়ে কম জল্পনা হয়নি। দুজনের সম্পর্কটা নাকি একদমই ভালো যাচ্ছিল না। বার্সেলোনার পক্ষ থেকে এই খবর বরাবরই অস্বীকার করা হয়েছে। তবে দলের ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ এই প্রথম আসল সত্যিটা স্বীকার করলেন। জানালেন, বছরের প্রথম অনুশীলনেই মেসির সঙ্গে লেগে গিয়েছিল কোচের। তবে সেটা তেমন বড় কোনো ঘটনা নয়, যতটা রং চড়িয়ে বলা হচ্ছে সংবাদমাধ্যমে।
শীতকালীন ছুটি শেষে ৪ জানুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বার্সা। তাদের আগে রিয়াল মাদ্রিদ হেরে বসায় বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলার। কিন্তু জর্ডি আলবার আত্মঘাতী গোলে ম্যাচটি হেরে যায় বার্সা। সেই ম্যাচে প্রথম একাদশে মেসিকে বসিয়ে রেখেছিলেন এনরিকে। তখনই ঝগড়ার গুঞ্জনটা জোরালো হয়।
সেই সময় পেছনে ফেলে দুর্দান্ত ফর্মে ফিরেছে বার্সা। ম্যাথিউ এখন স্বীকার করে বলছেন, ২ জানুয়ারি দলের অনুশীলনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে মেসি-এনরিকের, ‘আমরা ছুটি থেকে ফেরার পর ঘটনাটি ঘটেছিল। অনুশীলন ম্যাচে একটা ফাউল দেওয়া না-দেওয়া নিয়ে লিও মেজাজ হারিয়ে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। দুজন বেশ কিছু বাক্য বিনিময় করে। এরপর কোচ ড্রেসিংরুমে এসে ওর সঙ্গে কথা বলে। এই তো, আর কিছু নয়। প্রত্যেক ক্লাবে এমনটা হয়েই থাকে। দলটা বার্সেলোনা বলেই এটা রং চড়িয়ে বলা হয়েছে। এটাই সমস্যা।’
ওই ঘটনার পর বার্সা টানা ৭ ম্যাচে জিতছে, দিয়েছে ২৬ গোল। এর মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদকেই এক মাসে হারিয়েছে তিনবার। মাঝেমধ্যে ঝগড়া-টগড়া হওয়া ভালোই!