সত্যিকারের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়ানলুইজি বুফন
জিয়ানলুইজি বুফন

ইতালির ফুটবলে অবিসংবাদিত এক নায়ক তিনি। ১৯ বছর ধরে কত ম্যাচেই তো দলকে বাঁচিয়েছেন ইতালির শেষ প্রহরী। অবিশ্বাস্য সব সেভ, দুর্দান্ত রিফ্লেক্সে নিজেকে তুলেও নিয়েছেন কিংবদন্তির উচ্চতায়। ইতালিকে আরেকবার বাঁচালেন জিয়ানলুইজি বুফন। তবে এবার গোলপোস্টের নিচে কোনো সেভে নয়, বরং জাতীয় চেতনাকে সামনে তুলে ধরে।
ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবার ফ্রান্সের সঙ্গে ইতালির প্রীতি ম্যাচের আগে। অতিথি ফ্রান্সের জাতীয় সংগীত বাজছিল, এমন সময় ঘটল অপ্রীতিকর এক ঘটনা। গ্যালারির একটা অংশ থেকে অযথাই কিছু ইতালিয়ান দুয়োধ্বনি দিতে শুরু করেন ফ্রান্স দলকে। পুরো বিশ্বের সামনে লজ্জার এক উদাহরণ হতে যাচ্ছে দেখেই হয়তো, ইতালির প্রায় সব খেলোয়াড়ই লজ্জায় তখন মাটির দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু ব্যতিক্রম বুফন। জাতীয় দলের অধিনায়ক তিনি, এবার দেশের প্রয়োজনে আরেকবার দেখালেন নেতার মতো তেজ। কিছু দর্শক যখন দুয়ো দিচ্ছিলেন, বুফন দুই হাত উঠিয়ে উল্টো করতালি দিতে শুরু করলেন। বোঝাতে চাইলেন, জাতীয় সংগীত—তা যে দেশেরই হোক না কেন—সেটিকে দুয়ো নয়, করতালিতেই স্বাগত জানাতে হয়। কাজও হলো এতে। প্রথমে সতীর্থরা, পরে ধীরে ধীরে পুরো গ্যালারি করতালিতে বরণ করে নিল ফ্রান্সকে। ফক্স স্পোর্টস।