সনি নর্দে মোহনবাগানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে নিয়ে ঠিক এই বেশেই মোহনবাগানে খেলতে কলকাতায় পৌঁছেছেন সনি নর্দে। ছবি: এই সময় (কলকাতা)
স্ত্রীকে নিয়ে ঠিক এই বেশেই মোহনবাগানে খেলতে কলকাতায় পৌঁছেছেন সনি নর্দে। ছবি: এই সময় (কলকাতা)

শেষ পর্যন্ত কলকাতার অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানেই নাম লেখালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আলোচিত বিদেশি সনি নর্দে। মোহনবাগানের হয়ে খেলতে গতকাল রোববার সকালেই কলকাতায় পা রেখেছেন এই হাইতিয়ান।

ঝাঁকড়া চুলে সেই চিরচেনা বিনুনি নেই। ঝাঁকড়া চুলই নেই, তাতে আবার বিনুনি। চুলটুল ছেঁটে একেবারে নতুন চেহারাতেই মোহনবাগানের পক্ষে খেলতে কলকাতায় গেছেন নর্দে। বাংলাদেশ ছাড়ার আগে বলে গিয়েছিলেন মোহনবাগান নয়, যাচ্ছেন বেলজিয়ামে। আজ কলকাতার দৈনিক এই সময়ে প্রকাশিত প্রতিবেদনটির পর আর সন্দেহ রইল না যে নর্দে বাংলাদেশ ছাড়ার আগে সত্যি কথা বলেননি।

গত ফেব্রুয়ারিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আইএফএ শিল্ড মিশনেই নর্দের ওপর চোখ পড়েছিল কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। মোহনবাগানের আগ্রহটা একটু বেশিই ছিল নর্দের ব্যাপারে। তারা নর্দেকে পেতে সেই ফেব্রুয়ারি থেকেই মরিয়া প্রচেষ্টা চালিয়ে গেছে। শেষ পর্যন্ত সাফল্য তাদের হাতে ধরা দিয়েছে।

গত দুটি মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিজ্ঞাপন হয়েই ছিলেন এই নর্দে। অনেকেই তাঁকে এ দেশের মাটিতে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ফুটবলার হিসেবেই অভিহিত করে থাকেন। প্রথম মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে মাঠ মাতানো নর্দে গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ছিলেন অনন্য। তাঁরই প্রায় একক নৈপুণ্যে গত ফেব্রুয়ারিতে কলকাতার আইএফএ শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় শেখ জামাল। ইস্টবেঙ্গলকে ৩-০ ও মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে উঠে যায় উপমহাদেশের প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে। ফাইনালে কলকাতা মোহামেডানের কাছে টাইব্রেকারের দুর্ভাগ্য বরণ করলেও সে ম্যাচে নর্দের গোলেই কিন্তু এগিয়ে গিয়েছিল শেখ জামাল। তথ্যসূত্র: এই সময় (কলকাতা)