দুই বাংলার লড়াই? তা তো অবশ্যই।
কিন্তু যদি বলা হয়, সনিদের সামনে আবাহনীর রক্ষণ? এটাও ঠিক। আজ কলকাতার রবীন্দ্রসরোবরে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু আবাহনী বনাম মোহনবাগান ম্যাচের চৌম্বক অংশ তো এটাই।
সনি নর্দের ওপরই থাকছে মূল আলোটা। ঢাকায় শেখ রাসেল ও শেখ জামালে খেলে মন কেড়েছেন দর্শকদের। এখন কলকাতা মোহনবাগানের প্রাণভোমরা। তাঁর সঙ্গে এশিয়ান কোটায় কাতসুমি এবং ডাফি ও এডয়ার্দো। শেষের জন বাদে বাকি তিনজনই মোহনবাগানের আক্রমণে বড় অস্ত্র। ক্ষুরধার এই আক্রমণ আবাহনীর রক্ষণ আজ কতটা সামলে নিতে পারবে, তা নিয়েই যত জল্পনা।
আবাহনীর মূল দুশ্চিন্তা এই রক্ষণ নিয়েই। পাসপোর্ট জটিলতায় নেই পরীক্ষিত ঘানাইয়ান স্টপার সামাদ ইউসুফ। ওয়ালী পুরো ফিট নন। রায়হান দলে নতুন এসেছেন। স্টপারে নাসিরউদ্দিন, ইয়াছিনরাও নতুন। এই রক্ষণ ঢাকায় এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে দুই গোল উপহার দিয়েছে। আজ সনিরাও যে সেই সুযোগ বেশি করে নিতে চাইবেন, তা তো বলাই বাহুল্য।
কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, সনিরা খেলবেন তো? কলকাতা থেকে পাওয়া খবর, এএফসি কাপের এই দ্বিতীয় ম্যাচ নিয়ে মোহনবাগান নাকি অতটা ভাবছে না। তাই সেরা একাদশ নামাবে না! বরং ৯ এপ্রিল শিলিগুড়িতে আই লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি নিয়েই আচ্ছন্ন সবুজ-মেরুন দল! কে জানে আবাহনীর অন্দরের খোঁজ জেনে মোহনবাগান কোচ হয়তো ভাবছেন, সেরা কয়েকজনকে বিশ্রাম দিলেও চলবে!
তাই কলকাতার কারও কারও অনুমান, সনি-কাতসুমিরা আজ থাকতে পারেন বেঞ্চে। তবে ঢাকার ফুটবল মহলের ধারণা, সনিরা না খেললেও মোহনবাগানের সঙ্গে এই আবাহনীর পেরে ওঠা বড় চ্যালেঞ্জই।
তবে ম্যাচ নিয়ে অতটা তেতে না থাকলেও মোহনবাগান জয় চায়। এই এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হেরে এখন ঘুরে দাঁড়ানো জরুরি মনে করছে দলটি। সেই আত্মবিশ্বাসটা পেয়েছে তিন দিন আগে আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে ৩ গোলে উড়িয়ে দিয়ে। তাই কোচ সঞ্জয় সেন বলতে পারেন, ‘আমরা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখার কথা ভাবছি। তবে জেতার জন্যই খেলব। ৩ পয়েন্ট অবশ্যই চাই।’
আবাহনীও নিশ্চয়ই বেড়াতে যায়নি কলকাতায়। কিন্তু ১৯৯০ সালে ফেনীতে মোহনবাগানকে হারিয়ে আজমেরি বেগম ট্রফি জয়ের ২৬ বছর পর মোহনবাগানের বিপক্ষে আরেকটি জয়ের আশাটা ঠিক সেভাবে শব্দমালায় গাঁথতে পারছেন না আকাশি-নীলের কোচ দ্রাগো মামিচ। তাঁর কথা, ‘আমাদের দলটা নতুন। আমরা পুরো তৈরি হতে পারিনি। তবু চেষ্টা করব ভালো কিছু করতে। জিতলে তো খুবই ভালো।’
যা খবর, জেতার মন্ত্র জপার চেয়ে আবাহনী আজ পাঁচ ডিফেন্ডার নামিয়ে রক্ষণদেয়ালটা যথেষ্ট জমাট রাখতে চাইবে। একাদশে থাকতে পারেন একমাত্র স্ট্রাইকার এমেকা ডার্লিংটন। খুব যে আহামরি কিছু করতে পারবেন এমেকা, সেই ভরসা রাখা কঠিন। তাঁর ফিটনেসেই বড় ঘাটতি।
কলকাতার মাঠে আবাহনী সর্বশেষ খেলেছে ১৯৯৫ সালে, প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল। সেই কলকাতায় আরেকটি ম্যাচ মানে নস্টালজিক একটা ব্যাপার। তবে আগের ফুটবল উন্মাদনা নেই বলে ঢাকায় ম্যাচটি নিয়ে উত্তাপ কম। কিন্তু কলকাতায় মোহনবাগান সমর্থক, সাংবাদিকদের আগ্রহ অনেক। ওখানকার সংবাদকর্মীরা ঢাকায় যোগাযোগ করে জানতে চাইছেন আবাহনীর আদ্যোপান্ত।
বাংলাদেশের বর্তমান প্রজন্মের ফুটবলারদের কাছে কলকাতা হয়তো পাশের বাড়ি। কিন্তু কলকাতা মানে মোনেম মুন্না, শেখ আসলাম, কায়সার হামিদদের নামে জয়ধ্বনিও। আবাহনীর বর্তমান ফুটবলাররা মুন্নাদের কলকাতা মাতানোর গল্পগুলো নিশ্চয়ই শুনেছেন। তা থেকে আজ বাড়তি প্রেরণা নিতে পারলে মন্দ কী। পয়েন্টের হিসাব বাদ দিলে এটি যে মর্যাদার লড়াইও!