সন্তুষ্ট ভালভের্দে

লা লিগায় জয়ের শততম রেকর্ডটা ধরে রাখতে পারল না বার্সেলোনা। আরও নির্দিষ্ট করে বললে, বড় বাঁচা বেঁচে গেছে বার্সা। সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে কোনোমতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়িয়েছেন এরনেস্তো ভালভের্দের শিষ্যরা।
বার্সেলোনা লিগে জয়ের রেকর্ড ধরে রাখতে না পারলেও অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে কিন্তু ঠিকই একটা রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন—এর আগে কখনোই ভালভের্দের বিপক্ষে হারেননি তিনি। কালও হারলেন না। তবে একটা আফসোস তাঁর হতেই পারে। ২০১১ সালে অ্যাটলেটিকোর দায়িত্ব নেওয়ার পর বার্সার বিপক্ষে লিগে একটি জয় খুঁজে ফিরছিলেন। কাল জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শেষ অবধি হলো না। জয় নিয়ে মাঠ ছাড়া হলো না তাঁর, তাঁর দলের।
এ যেন অ্যাটলেটিকোর বার্সা-জুজু। রেকর্ড বই বলছে, এ ম্যাচ নিয়ে লা লিগায় বার্সার বিপক্ষে সর্বশেষ ১৫ ম্যাচে জয় পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ১২টিতেই ম্যানেজার ছিলেন সিমিওনে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে লিগে বার্সাকে শেষবার হারিয়েছিল অ্যাটলেটি।
ড্র নিয়ে অবশ্য সন্তুষ্ট বার্সা কোচ ভালভের্দে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ফলটা দুই দলের জন্যই ভালো ছিল, দারুণ ফুটবলের প্রদর্শনী হয়েছে। আগেই বলেছিলাম, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব এবং ছেলেরা তা-ই করেছে।’
দুই দল মিলিয়ে রেফারি ‘মাত্র’ ৫ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন। এর আগে অতি রক্ষণের পাশাপাশি অযথা ফাউল করে কুখ্যাত হয়েছিল অ্যাটলেটিকো। পাসের খেলায় এগিয়ে ছিল বার্সাই, ৬১ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেই খেলেছে তারা। অন্যদিকে, অ্যাটলেটিকোও দেখিয়েছে, রক্ষণে কেন তারা এই মুহূর্তের অন্যতম সেরা দল। গোলে ১৫টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সা। এর ৬টিই ঠেকিয়েছেন গোলরক্ষক ওবলাক।ৎ
ম্যাচ শেষে সিমিওনের কণ্ঠে ছিল মেসির প্রশংসা, ‘মেসি অসাধারণ খেলেছে। যতবার বল পেয়েছে, ততবারই আমরা বিপদে ছিলাম।’ এই মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এর মধ্যেই ১৭ গোল করা মেসি বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও তাঁকে বারবার নিরাশ করেছেন ওবলাক। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার দুটি ফ্রি কিকের একটি পোস্টে লেগে ফিরেছে।
গত কয়েক মৌসুমের চেনা চেহারা ফিরেছে লা লিগা টেবিলে। ৮ ম্যাচ শেষে শীর্ষ তিন দল বার্সা, রিয়াল আর অ্যাটলেটিকো। কোনো অঘটন না ঘটলে এই তিন দলের মুখোমুখি খেলার ফলই লিগের শিরোপা নির্ধারণ করে দেবে। সূত্র: হুস্কোরড, মার্কা, এএফপি।